রেঞ্জ রোভারের বিশেষ সংস্করণ
জাকির হোসেন সরকার
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিলাসবহুল গাড়ির জগতে নতুন আকর্ষণ নিয়ে এসেছে রেঞ্জ রোভার। এসভি সিরিজের বিশেষ সংস্করণ হিসাবে উন্মোচন করা হয়েছে ‘রেঞ্জ রোভার এসভি সাওয়াই এডিশন’। রাজকীয় স্থাপত্য, ঐতিহ্যবাহী নকশা ও আধুনিক বিলাসিতার সমন্বয়ে তৈরি এ গাড়ি উৎপাদন করা হবে মাত্র ১৮টি। ফলে বিরল সংগ্রহ হিসাবে গাড়িপ্রেমীদের কাছে বিশেষ গুরুত্ব পেতে যাচ্ছে মডেলটি। সাওয়াই এডিশনের নকশায় ঐতিহ্যবাহী তিনটি শহরের স্থাপত্য ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। ক্রেতারা নিজেদের পছন্দ অনুযায়ী তিন ধরনের ইন্টেরিয়র থিম থেকে বেছে নিতে পারবেন।
প্রথমটি ‘জয়পুর’ থিম। গোলাপি শহরের পরিচিত রং ও ঐতিহাসিক হাওয়া মহলের স্থাপত্যের অনুপ্রেরণায় সাজানো হয়েছে এর কেবিন। আসনের নকশাতেও রয়েছে প্রাসাদটির স্থাপত্যশৈলীর প্রতিফলন। দ্বিতীয়টি ‘যোধপুর’ থিম। এতে আকাশি নীল রঙের আবহের সঙ্গে পার্লিনো ও রিভিয়েরা রঙের সমন্বয় ঘটানো হয়েছে। অন্যদিকে ‘জয়সালমের’ থিমে ফুটিয়ে তোলা হয়েছে মরুভূমির দুর্গ ও রাজপুত স্থাপত্যের ঐতিহ্য। প্রতিটি গাড়িতে থাকবে বিশেষ স্মারক প্ল্যাক, যেখানে গাড়ির স্বতন্ত্র সিরিয়াল নম্বর উল্লেখ থাকবে। নকশায় ভিন্নতা থাকলেও তিনটি সংস্করণেই রয়েছে একই পাওয়ারট্রেন। ৪.৪ লিটারের ভি৮ পেট্রোল ইঞ্জিন থেকে পাওয়া যাবে সর্বোচ্চ ৬১৫ পিএস শক্তি ও ৭৫০ এনএম টর্ক। এর সঙ্গে যুক্ত ৮-স্পিড অটোমেটিক গিয়ারবক্স ও অল-হুইল ড্রাইভ ব্যবস্থা। বিশেষ সংস্করণটির দাম নির্ধারণ করা হয়েছে ৪.৯০ কোটি রুপি। বেন্টলি বেন্টায়গা, রোলস-রয়েস কুলিনান ও মার্সিডিজ-মেবাখ জিএলএসের মতো বিলাসবহুল গাড়ির সঙ্গে একই শ্রেণিতে অবস্থান করছে এটি। তবে মাত্র ১৮টি গাড়ি তৈরির সিদ্ধান্ত সাওয়াই এডিশনকে দিয়েছে আলাদা এক্সক্লুসিভ পরিচিতি।
