Logo
Logo
×

Advertisement

অটোটেক

কেটিএমের জিটি-এক্সআর সড়কে চলা যুদ্ধবিমান

রোড-লিগ্যাল রেসকারে গতি, প্রযুক্তি ও ব্যতিক্রমী নকশার সমন্বয়

Icon

মো. আব্দুস সালিম

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গাড়ির দরজা নেই! তাহলে ভেতরে ঢুকবেন কীভাবে? উত্তরটি লুকিয়ে আছে যুদ্ধবিমানের ককপিটের আদলে তৈরি একটি বিশাল কাচের ক্যানোপিতে। সেটি ওপরের দিকে খুলে গেলে চালকের মনে হতে পারে, তিনি কোনো সুপারকারে নয়, বরং যুদ্ধবিমানের ককপিটে বসতে যাচ্ছেন। অস্ট্রিয়ার স্পোর্টসকার নির্মাতা কেটিএমের তৈরি ‘এক্স-বো জিটি-এক্সআর’ ঠিক এমনই এক ব্যতিক্রমী গাড়ি। গাড়িপ্রেমীদের কাছে এটি পরিচিত ‘রোড-লিগ্যাল রেসকার’ হিসাবে। প্রচলিত সুপারকারের নকশা থেকে বেরিয়ে এসে কেটিএম এ গাড়িতে গুরুত্ব দিয়েছে রেসিং প্রযুক্তি, অ্যারোডাইনামিকস ও ট্র্যাক পারফরম্যান্সে। কার্বন-ফাইবারের হালকা কাঠামো, খোলার জন্য প্রচলিত দরজার পরিবর্তে ক্যানোপি এবং নিচু বডি-সব মিলিয়ে এর নকশায় রয়েছে ফাইটার জেটের ছাপ।

ইঞ্জিনে অডির শক্তি : গাড়িটির চালিকাশক্তি অডির তৈরি ২.৫ লিটারের পাঁচ সিলিন্ডার টার্বোচার্জড ইঞ্জিন। এটি প্রায় ৪৯৩ হর্সপাওয়ার শক্তি এবং ৫৮২ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে রয়েছে সাত গতির ডুয়াল-ক্লাচ ট্রান্সমিশন ও লিমিটেড-স্লিপ ডিফারেনশিয়াল। ফলে গিয়ার পরিবর্তন হয় দ্রুত, আর ত্বরণেও পাওয়া যায় রেসকারের অনুভূতি। স্থির অবস্থা থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে সময় লাগে মাত্র ৩.২ সেকেন্ড। সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ২৮০ কিলোমিটার। মাত্র ১ হাজার ১৩০ কেজি ওজনের গাড়িটিতে কার্বন-ফাইবারের ব্যবহার পারফরম্যান্স বাড়ানোর পাশাপাশি ওজন কমিয়েছে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি ১০০ কিলোমিটারে জ্বালানি খরচ প্রায় ৯.১ লিটার।

ককপিটে রেসিংয়ের অনুভূতি : গাড়িতে উঠতে চালককে চওড়া কার্বন সিল পেরিয়ে কার্বন-বাকেট সিটে বসতে হয়। এরপর সংযুক্ত করতে হয় কুইক-রিলিজ মোটরস্পোর্টস স্টিয়ারিং হুইল। ডিজিটাল ড্যাশবোর্ডে থাকে প্রয়োজনীয় তথ্য। অভ্যন্তরীণ সাজসজ্জায় ব্যবহার করা হয়েছে আলকানটারা, মিলড অ্যালুমিনিয়ামের ফুটরেস্ট এবং আধুনিক ইলেকট্রনিকস ব্যবস্থা। তবে রেসিং চরিত্রের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের কিছু সুবিধাও রেখেছে কেটিএম। রয়েছে প্রায় ১৬০ লিটারের লাগেজ স্পেস, স্মার্টফোন রাখার ব্র্যাকেট ও ব্লুটুথ সংযোগের সুবিধা। গাড়িটি পেট্রোলচালিত। ইঞ্জিন চালু ও ইলেকট্রনিকস সচল রাখতে রয়েছে হালকা লিথিয়াম-আয়ন স্টার্টার ব্যাটারি।

দাম ও বাজার : আন্তর্জাতিক বাজারে গাড়িটির প্রারম্ভিক দাম প্রায় ২ লাখ ৮৪ হাজার ৯০০ ইউরো। অতিরিক্ত সুবিধা ও কাস্টমাইজেশন যুক্ত হলে দাম আরও বাড়তে পারে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বাজারে এখনো এর আনুষ্ঠানিক বাজারজাতকরণের তথ্য নেই। সীমিত উৎপাদন এবং বিশেষায়িত নির্মাণশৈলীর কারণে এটি সাধারণ ক্রেতার চেয়ে সংগ্রাহক ও সুপারকারপ্রেমীদের কাছেই বেশি আকর্ষণীয়। কার্বন-ফাইবার বডি ও বিশেষায়িত যন্ত্রাংশের কারণে রক্ষণাবেক্ষণও ব্যয়বহুল হতে পারে। সব মিলিয়ে কেটিএম এক্স-বো জিটি-এক্সআর কেবল দ্রুতগতির গাড়ি নয়; এটি রেসিং প্রযুক্তিকে সাধারণ সড়কে নিয়ে আসার এক ব্যতিক্রমী প্রচেষ্টা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বরফরাজ্যে নতুন বিপ্লব মুনবাইক-২০২৮

বরফরাজ্যে নতুন বিপ্লব মুনবাইক-২০২৮

বিওয়াইডির নতুন চমক ইয়াংওয়াং অল্টিওর

বিওয়াইডির নতুন চমক ইয়াংওয়াং অল্টিওর

কম দামে রয়্যাল এনফিল্ড ২৫০ সিসি

কম দামে রয়্যাল এনফিল্ড ২৫০ সিসি

কেটিএমের জিটি-এক্সআর সড়কে চলা যুদ্ধবিমান

কেটিএমের জিটি-এক্সআর সড়কে চলা যুদ্ধবিমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম