অভয়নগরে মাদক ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘চলো যাই যুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ এ স্লোগানে অভয়নগরে মাদক ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বাগদাহ গ্রামে মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতন জনগণের উদ্যোগে বাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গ্রামের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন-নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক আবু দাউদ মোল্যা, কোটা ফাজিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদ, ব্যবসায়ী তরিকুল ইসলাম, কবিরাজ খবির রেজাউল, থানা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, ওয়ার্ড জামায়াতে ইমলামীর সভাপতি সিরাজুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক গোলাম রসুল, ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি মাসুদ রানা প্রমুখ।
বক্তারা বলেন, সরকার পরিবর্তন হলেও বাগদাহ গ্রামের মাদক ব্যবসা বন্ধ হয় না। বিভিন্ন রাজনৈতিক দলের পাতি নেতা ও স্থানীয় পুলিশ ক্যাম্প এবং থানা পুলিশের কয়েক অসাধু কর্মকর্তার যোগসাজশে গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ীরা গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য অবাধে বিক্রি করছে। প্রতিবাদ করলে মারধর, মামলাসহ হত্যার হুমকি দেয় তারা।
