মাদক ব্যবসায় বাধার জের
সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটিতে বেঁধে নির্যাতন
পুড়িয়ে দেওয়া হয় ছেলের বই-খাতাও
Advertisement
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মাদক ব্যবসায় বাধা দেওয়ায় নিজের স্ত্রী ও স্কুল পড়ুয়া সন্তানকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে সাহিদ শেখ নামে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। এমনকি নিজের সন্তানের বই-খাতাও পুড়িয়ে দেওয়া হয়। সম্প্রতি উপজেলার মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাদক ব্যবসায়ী সাহিদ শেখ ওই গ্রামের আকুব্বর শেখের ছেলে। শুক্রবার সকাল থেকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী জানান, সাহিদ শেখ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী। তিনি মাদকসহ একাধিকবার আটক হয়ে জেলও খেটেছেন। বর্তমানেও তার মাদক ব্যবসা চলমান। প্রতিবেশীরা জানান, সাহিদের ছেলে আশিক এবার এসএসসি পরীক্ষার্থী। বাবা মাদক ব্যবসায়ী হওয়ায় বন্ধু মহলে মুখ দেখাতে পারে না সে। যে কারণে আশিক তার বাবাকে মাদক ব্যবসা বাদ নিতে চাপ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ২৫ ফেব্রুয়ারি বিকালে সাহিদ তার ছেলে ও স্ত্রীকে ঘরের খুঁটিতে বেঁধে মারধর করেন। এ সময় আশিকের সব বই-খাতাও পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনার পর থেকে আশিক ও তার মা পার্শ্ববর্তী গ্রামে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন। এদিকে মাদক ব্যবসায়ী বাবা সাহিদের বিচার চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ছেলে আশিক। থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, ‘মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে মারধরের ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত সাহিদ শেখকে ধরার চেষ্টা চলছে।’
