বিয়ের আগের দিন বরের মৃত্যু
দুই বাড়িতে সাজ সাজ রব, মুহূর্তেই বিষণ্ন্নতা
Advertisement
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আজ গায়ে হলুদ রাত পোহালেই আগামীকাল বিয়ে। বর বরণে নববধূর বাড়িতে আলোকসজ্জায় সজ্জিত গেট, সাজানো হয়েছে বাড়িঘর। বরের বাড়িজুড়েও বিয়ের আনন্দ আর সাজ সাজ রব। সেই আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষণ্নতায়। বৃহস্পতিবার সন্ধ্যায় কনের বাড়িতে খবর এলো পৃথিবী থেকে বিদায় নিয়েছে বর আরিফ শাহরিয়ার সৌমিক (২১)। মুহূর্তেই ম্লান হয়ে যায় আনন্দ। নববধূর বাড়ির পাশাপাশি গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়ায় বরের বাড়িতে শোকে স্তব্ধ স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা। মারা যাওয়া সৌমিক গাইবান্ধা পৌর এলাকার ডেভিড কোম্পানি পাড়ার সুলতান মিয়ার ছেলে। তিনি ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। সৌমিকের একমাত্র বড় বোন শারমিন সুলতানা বলেন, সৌমিক ঢাকা থেকে এক মাস আগে বাড়িতে আসেন। চার দিন ধরে সে জ্বরে আক্রান্ত। শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের বিপরীতে বেসরকারি মাইশা ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারের কাছ নিয়ে যাই। সেখানে ডা. মনির হোসেন মুরাদ ব্যবস্থাপত্র লিখে দেন। ওষুধ কিনে সৌমিককে বাড়ি নিয়ে যায় স্বজনরা। পরে বিকালে সৌমিক আরো বেশি অসুস্থ হয়ে পড়লে বিকাল সাড়ে ৫টার দিকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। শারমিনের অভিযোগ, জরুরি বিভাগের সামনে প্রায় এক ঘণ্টা রিকশায় বসে ছিলেন সৌমিক। পরে চিকিৎসক সৌমিককে মৃত ঘোষণা করেন। তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে সৌমিকের মৃত্যু হয়েছে কিনা, তা জানাতে পারেননি তার পরিবার। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। যে বাড়িতে বিয়েকে ঘিরে আনন্দ-উৎসবের প্রস্তুতি চলছিল, সেখানে এখন শোক আর স্বজনদের আহাজারি।
