ধামরাইয়ে বাসস্ট্যান্ডের কর্তৃত্ব নিয়ে দুই গ্রুপ মুখোমুখি
Advertisement
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ধামরাই বাসস্ট্যান্ডের কর্তৃত্ব নিয়ে দুই গ্রুপের মুখোমুখি অবস্থান ও ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। একে কেন্দ্র করে এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি। রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে দুই গ্রুপের তাণ্ডব। এতে ধামরাই-গুলিস্তান বাস চলাচল ব্যাহত হয়। সাধারণ যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে তাও কারও জানা নেই। যে কোনো মুহূর্তে বিবদমান দুগ্রুপের মধ্যে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে। জানা যায়, লিমিটেড বাস কোম্পানির নামে দীর্ঘদিন ধরে চলে আসছে ধামরাই-গুলিস্তান মিনিবাস সার্ভিস। ওই লিমিটেড কোম্পানির চেয়ারম্যান সাইফুল ইসলাম রতন ও মহাসচিব মোহাম্মদ ওয়ালিদ খানের নেতৃত্বে এ বাস সার্ভিস পরিচালিত হচ্ছে। হঠাৎ এ বাসস্ট্যান্ডের কর্তৃত্ব নিতে মোহাম্মদ জহির উদ্দিন, চালক মোহাম্মদ রিপন হোসেন ও মোহাম্মদ ফয়সাল নামে অপর এক বাস মালিক রোববার ভোর ৬টার দিকে অর্ধশতাধিক ভাড়াটিয়া লোকজন নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলি ভিটায় অবস্থান নেয়। খবর পেয়ে বাস কোম্পানির চেয়ারম্যান সাইফুল ইসলাম রতনের পক্ষে তার এলাকার তিন শতাধিক লোক মুখোমুখি অবস্থান গ্রহণ করে। এতে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে বাসস্ট্যান্ড এলাকায়। এক পর্যায়ে চলে ধাওয়া-পালটাধাওয়া। চরম আতঙ্ক নেমে আসে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও যাত্রী সাধারণের মাঝে। দিনভর চলে বিবদমান এ দুগ্রুপের সন্ত্রাসী কর্মকাণ্ড। এ বিষয়ে বাস মালিক মোহাম্মদ সাউথ হোসেন বলেন, রোড খরচের নামে অতিরিক্ত চাঁদা নেওয়ার প্রতিবাদে সাধারণ মালিকরা বাস চলাচল বন্ধ করে দিলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এমন চাঁদাবাজি বন্ধে এরকম প্রতিবাদ আরও আগেই প্রয়োজন ছিল। এ বিষয়ে লিমিটেড বাস কোম্পানির চেয়ারম্যান সাইফুল ইসলাম রতন বলেন, ধামরাই-গুলিস্তান বাস সার্ভিস একটি লিমিটেড কোম্পানি। এরপরও আমি সাধারণ বাস মালিকদের মালিক সমিতি গঠন করার কথা বলেছি স্থানীয় সংসদ-সদস্য আলহাজ মোহাম্মদ তমিজ উদ্দিনের দিকনির্দেশনা ও পরামর্শক্রমে। এরপর এ নিয়ে কোনো আন্দোলন বা সংগ্রামের প্রয়োজন হয় না।
