রাঙ্গুনিয়ায় পুলিশ বিটের সামনে থেকে যুবক অপহরণ
জঙ্গলে নিয়ে কুপিয়ে জখম
Advertisement
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে ঘর নির্মাণে চাঁদা না দেওয়ায় মো. তারেক নামে এক যুবককে অপহরণের পর জঙ্গলে নিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শনিবার ইফতারের পর মীরেরখীল এলাকার পুলিশ বিটের সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশের অভিযানে ওই রাতেই ‘সিঙ্গাপুর’ নামের একটি পাহাড়ি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আহত তারেক মীরেরখীল ১নং ওয়ার্ডের আবুল খায়েরের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জানা যায়, ইফতার শেষে বাড়ি থেকে বের হলে একদল লোক অতর্কিতে তারেককে তুলে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ফেলে রেখে যায়। তারেকের ভাই মানিক বলেন, তাদের বসতভিটায় টিনের নতুন ঘর নির্মাণ কাজ চলছিল। এ নিয়ে কিছুদিন আগে একটি চক্র বড় অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তার ভাইকে হত্যার উদ্দেশে অপহরণ ও হামলা করা হয়েছে। জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
