কমলনগরে বিদ্যুতের খুঁটি দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগ
Advertisement
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কমলনগর উপজেলায় পল্লী বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইন বসিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওসমান গণি নামে এক প্রতারকের বিরুদ্ধে। উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের চরজগবন্ধু এলাকায় শ্বশুরবাড়িতে থেকে একটি প্রভাবশালী চক্রের যোগসাজশে তিনি এই প্রতারণা করেছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
অভিযুক্ত ওসমান গণি উপজেলার চর লরেন্স ইউনিয়নের তরিক উল্লাহর ছেলে। তিনি ছয় মাস ধরে শ্বশুর নুর মোহাম্মদের বাড়িতে ‘ঘর জামাই’ থেকে নিজেকে বিদ্যুৎ মিস্ত্রি পরিচয় দিয়ে আসছিলেন।
জানা যায়, চরজগবন্ধু এলাকার মৃত আবুল হাসেমের স্ত্রী অজুফা খাতুনকে বাড়িতে খুঁটি বসিয়ে দেওয়ার কথা বলে ৪০ হাজার টাকা দাবি করেন ওসমান। অসহায় ওই নারী ধারদেনা করে ছয় মাস আগে তাকে ৩৫ হাজার টাকা দেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও খুঁটি না দিয়ে তালবাহানা শুরু করেন ওসমান। শনিবার সকালে পাওনা টাকা ফেরত চাইলে ওসমান ওই অজুফা খাতুনের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় অজুফা খাতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং পরে কমলনগর থানায় লিখিত অভিযোগ করেন।
সরেজমিন জানা যায়, কেবল অজুফা খাতুনই নন, ওসমানের প্রতারণার শিকার হয়েছেন ওই এলাকার অন্তত ৩০টি পরিবার। বিদ্যুতের মিটার ও সঞ্চালন লাইন চালু করে দেয়ার কথা বলে ওই এলাকার মো.শহীদ, কাদির, নূর হোসেন, শাহ আলম ও ওলিউল্লাহর কাছ থেকে ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় ওসমান। এছাড়া একই গ্রামের মুন্সি বাড়ির শাহীন, আবুল বাশার ও সবুজের কাছ থেকেও হাতিয়ে নেন অন্তত ৫০ হাজার টাকা।
ভুক্তভোগী অনেকেই জানান, ওসমান গত ছয় মাস ধরে খুঁটি এবং সঞ্চালন লাইন চালু করে দেওয়ার নাম করে এলাকার অন্তত ত্রিশটি পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। আমরা আইনের কাছে এর বিচার এবং আমাদের টাকা ফেরত চাই। এ বিষয়ে অভিযুক্ত ওসমান গনি চারটি বৈদ্যুতিক খুঁটি ৯৩ হাজার টাকা চুক্তিতে বসিয়ে দেওয়ার কথা স্বীকার করে বলেন, বাবুল নামে তার এক চাচার কথায় তিনি সঞ্চালন লাইন চালু এ খুঁটি বসিয়ে দেওয়ার চুক্তিতে লোকজনের কাছ থেকে টাকা নিয়েছেন। চাচা আওয়ামী লীগের রাজনীতি করতেন যে কারণে এলাকা ছেড়ে পালিয়েছেন।
