গভীর রাতে মাদ্রাসায় প্রবেশ
মান্দায় চোর সন্দেহে একজনকে গাছে বেঁধে পিটিয়ে হত্যা
Advertisement
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মান্দায় চোর সন্দেহে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটকের পর মাদ্রাসার শিক্ষকদের মারধরে মারা যাওয়া অভিযোগ উঠেছে। এ মৃত্যু নিয়ে এলাকায় ধোয়াশা তৈরি হয়েছে। বুধবার মধ্যরাতে উপজেলার প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কাওমি মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম সদর উপজেলার জিনারপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে। জানা গেছে, নিহত রফিকুল ইসলাম পানি খাওয়ার জন্য মাদ্রাসায় প্রবেশ করেছিলেন। কিন্তু তাকে চোর সন্দেহে আটক করে মাদ্রসার শিক্ষক সাব্বিরসহ কয়েকজন। এরপর তাকে আমগাছের সঙ্গে বেঁধে উপর্যুপরি মারধর করা হয়। এর একপর্যায়ে তিনি মারা যান। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য প্রধান শিক্ষক মাওলানা মাসুদুর রহমান বিভিন্ন মহলে জোর তদবির করেন। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। স্থানীয় জহুরুল বলেন, মাদ্রাসার আশপাশে কোনো বাড়ি নেই। তবে গভীর রাতে মাদ্রাসা থেকে চিৎকারের শব্দ শোনা গেছে। সকালে শোনা যায় সেখানে এক চোরকে মারধর করে মেরে ফেলা হয়েছে। তবে এ বিষয় নিয়ে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক সাব্বির কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মাওলানা মাসুদুর রহমান বলেন, ‘সেহরির জন্য মাদ্রাসায় রান্না করা হচ্ছিল। এ সময় অপরিচিত এক ব্যক্তিকে চোর সন্দেহে শিক্ষক সাব্বিরসহ কয়েকজন তাকে আটক করে গাছে বেঁধে মারধর করেন। একপর্যায়ে অচেতন হলে ফোনে আমাকে বিষয়টি জানানো হয়। ঘটনাস্থলে গিয়ে দেখি তিনি মারা গেছেন। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।’ ওসি একেএম মাসুদ রানা বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
