আনোয়ারায় ভবন থেকে পড়ে প্রাণ গেল যুবকের
পরিকল্পিত হত্যার অভিযোগ
Advertisement
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আনোয়ারায় ছয়তলা ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হাশেম কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত যুবক মহিম (২৫)। তিনি কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুরের আবুল কামালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামে বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় মহিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হতে থাকে তার স্বজনরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হয় তারা।
উত্তেজিত স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগের দরজায় ঘুসি দিয়ে আঘাত করে ভেঙে ফেলে এবং মূল ফটকে তালা লাগিয়ে দেয়। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মা মনোয়ারা বেগম বলেন, রাত দেড়টার দিকে একজন লোক তাকে ঘর থেকে ডেকে নিয়ে যায় এবং সকালে খবর পাই যে সে ভবন থেকে মাটিতে পড়ে মারা গেছে। আমার বিশ্বাস, আমার ছেলেকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি। ওসি জুনায়েত চৌধুরী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
