বড়াইগ্রাম মানিকছড়িতে নারীসহ দুজন খুন
কেন্দুয়ায় কলেজছাত্রের লাশ উদ্ধার
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বড়াইগ্রামে শ্রীরামপুর আইড়মারী ব্রিজ এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশ থেকে মঙ্গলবার এক যুবকের মাথা থেঁতলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া মানিকছড়িতে নারী ও কেন্দুয়ায় কলেজছাত্রের লাশ উদ্ধার হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান: নাটোরের বড়াইগ্রামে শ্রীরামপুর আইড়মারী ব্রিজ এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশ থেকে মঙ্গলবার আবেদ আলী নামে এক যুবকের মাথা থেঁতলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বড়িয়া গ্রামের জাফের আলীর ছেলে। জানা গেছে, মঙ্গলবার পথচারীরা মহাসড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, দুর্বৃত্তরা তাকে ভারী কোনো বস্তু দিয়ে অন্য কোথাও মাথা থেঁতলে হত্যা করে কম্বল দিয়ে ঢেকে এখানে এনে ফেলে রেখে গেছে বলে মনে হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। খাগড়াছড়ির মানিকছড়িতে বড়বিল এলাকায় মঙ্গলবার রান্নাঘর থেকে রাম্রা মারমা নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মেয়ে আনুমা মারমা বলেন, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে মাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে রান্নাঘরের বিছানায় কম্বল মুড়ে দেওয়া অবস্থায় দেখতে পাই। পরে কম্বল সরাতেই মাথা ও গলায় আঘাতের চিহ্নসহ মায়ের লাশ দেখতে পাই। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। ওসি (তদন্ত) মো. আল আমিন জানান, প্রাথমিকভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে দোষীদের গ্রেফতার করা হবে। নেত্রকোনার কেন্দুয়ায় গন্ডা ইউনিয়নের বৈশ্যপাট্টা গ্রাম থেকে মঙ্গলবার মুজাহিদ নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মামা রতন মিয়া জানান, মুজাহিদ ময়মনসিংহের আনন্দমোহন কলেজে পড়ালেখার পাশাপাশি সিএনজিচালক ছিলেন। মঙ্গলবার সবার অজান্তে রান্নাঘরে আত্মহত্যা করে সে। এসআই বিপুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
