ধামরাইয়ে ঘুসের প্রতিবাদ
নকলনবিশকে মারধর দলিল লেখকদের
Advertisement
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ধামরাইয়ে ব্যাপক অনিয়ম ও ঘুস-দুর্নীতির প্রতিবাদে অফিসের ভেতরেই সাব-রেজিস্ট্রারের সামনেই নকলনবিশকে ব্যাপক মারধর করে দলিল লেখকরা। এ নিয়ে বৃহস্পতিবার চরম উত্তেজনা বিরাজ করছে ওই সাব-রেজিস্ট্রি অফিস ক্যাম্পাসে। নকলনবিশ চেয়েছেন অফিসের ভেতরে তাকে মারধর করার বিচার। অপরদিকে দলিল লেখকরা চেয়েছেন ওই নকলনবিশকে সাব-রেজিস্ট্রারের এজলাস থেকে নকলখানায় সরিয়ে দিতে। এ দুই দাবিতে অফিস এখন মূলত অকার্যকর হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উক্ত সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবিশ মো. আব্দুল মান্নান নকলখানায় কাজ না করে সাব-রেজিস্ট্রারের এজলাসে চেয়ার-টেবিল নিয়ে বসে থেকে দলিল লেখকদের সকল দলিল সম্পাদনের ব্যবস্থা করেন। দীর্ঘদিন যাবৎ এ দায়িত্ব পালন করে আসছেন সাব-রেজিস্ট্রারের জ্ঞাতসারে। তার বিরুদ্ধে দলিল লেখকরা অভিযোগ করেছেন প্রতিদিন ৭০টি দলিল গ্রহণের পর অপরাপর দলিল গ্রহণ করতে ১ থেকে ৫ হাজার টাকা ঘুস নিয়ে দলিল সম্পাদনের সিরিয়াল দিয়ে থাকেন ওই নকলনবিশ আব্দুল মান্নান। এছাড়া প্রতিটি দানপত্র দলিলের বিপরীতে সাব-রেজিস্ট্রারের নামে ৫ হাজার টাকা করে হাতিয়ে নেন ওই সাব-রেজিস্ট্রারের নামে। এছাড়া আদালতের আদেশসম্বলিত দলিল সম্পাদনে তিনি গাড়িমসি করে সময় ক্ষেপণ করে থাকেন বাড়তি টাকা আদায়ের জন্য। যা দলিল লেখকদের মধ্যে ব্যাপক হারে প্রতিবাদের সৃষ্টি করেছে। দলিল লেখক মো. রেজাউল করিম রাজা বলেন, নকলনবিশ আব্দুল মান্নান সব দলিল লেখকদের কাছ থেকেই সাব-রেজিস্ট্রারের নামে বাড়তি টাকা আদায় করলেও তা সাব-রেজিস্ট্রারকে দেওয়া হয় না। এ টাকা নকলনবিশ আব্দুল মান্নান পকেটস্থ করছে। নকলনবিশ আব্দুল মান্নান বলেন, আমি কারও কাছ থেকে বাড়তি কোনো টাকা আদায় করছি না। আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।
