মানিকগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর অস্ত্রাঘাতে আহত ধানের শীষের ২ কর্মী
Advertisement
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সংসদ নির্বাচনের দ্বন্দ্বের জেরে মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজার সমর্থকদের হামলায় ধানের শীষের দুই কর্মী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের তালুকনগর বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছে তজুমুদ্দিনের ছেলে জালাল উদ্দিন এবং মইনউদ্দিনের ছেলে পিন্টু। গুরুতর আহত জালালকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। পিন্টুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জানা গেছে, জালাল ও পিন্টু গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী এসএ জিন্নাহ্ কবিরের সক্রিয় কর্মী ছিলেন। অপরদিকে যুবলীগ ও ছাত্র লীগ নেতা ইমরান, রাকিব জাহিদ, রাজিব, আলামিন ছিলেন বিএনপির বিদ্রোহী ঘোড়া মার্কা নিয়ে নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হকের কর্মী। তখন থেকে দুপক্ষের মধ্যে রেশারেশি চলে আসছিল।
দৌলতপুর থানার ওসি কমর উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের আটক করার জন্য অভিযান চলছে। লিখিত অভিযোগ হাতে পেলেই আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।
