সৈয়দপুরে জামাই-শ্বশুর মিলে নারীকে হত্যা
চৌহালী কমলগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে ৩ লাশ উদ্ধার
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সৈয়দপুরে জামাই-শ্বশুর মিলে নারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া চৌহালীতে কিশোর, কমলগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : নীলফামারীর সৈয়দপুরে কাজীহাট এলাকায় বুধবার সাগরিকা (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, জামাই-শ্বশুর মিলে ওই নারীকে হত্যা করেছে। ওসি রেজাউল করিম রেজা জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত সাগরিকার মা দুলালী অভিযোগ করেন, আমার মেয়েকে হত্যা করেছে জামাই সঞ্জয়, শ্বশুর বিশু ভূষণ নাথ, ননদসহ পরিবারের লোকজন। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। মৌলভীবাজারের কমলগঞ্জে মাগুরছড়ায় রেলসেতুর নিচ থেকে মোহাম্মদ জুবায়ের নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সিলেট -আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়ায় রেলসেতুর নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জুবায়ের সদর ইউনিয়নের সরইবাড়ী গ্রামের চেরাগ আলীর ছেলে। শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের ওসি খায়রুল ইসলাম তালুকদার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। সিরাজগঞ্জের চৌহালী নৌ পুলিশ যমুনার চর থেকে অজ্ঞাত কিশোরের (১৩) লাশ উদ্ধার করেছে। বুধবার উপজেলার ভূতের মোড়ের সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিমে নাগরপুরের পাকশামাইজালসংলগ্ন যমুনার চর থেকে লাশটি উদ্ধার করা হয়। নৌ পুলিশ ফাঁড়ির এসআই প্রবীর ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেন। ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানায় মাদকাসক্ত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে শুখানপুকুরী ইউনিয়নের লাউদ্ধৃতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম ওই গ্রামের মো. আশরাফ আলীর ছেলে। এ ঘটনায় ভুল্লী থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
