সোনাতলায় অবাধে রাস্তার গাছ কর্তন
সৌন্দর্য বিপন্ন
Advertisement
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার সোনাতলায় একটি প্রভাবশালী মহল জনগুরুত্বপূর্ণ সড়কের দুপাশে থাকা মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্য দিবালোকে গাছ কাটা হলেও প্রশাসন এই বিষয়ে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। গাছ কাটতে বাধা দিলে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে, যা এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। জোড়গাছা ইউনিয়নের হাটকরমজা-পোড়াপাইকর ছলুরঘাট সড়ক সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সড়কের দুপাশে প্রায় ৫০৯টি বিভিন্ন জাতের গাছ রয়েছে, যা কয়েক বছর আগে স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ইউপির সঙ্গে চুক্তি অনুযায়ী রোপণ করেছিল। গাছগুলো ছায়া, সৌন্দর্য ও বিশ্রামের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয়রা জানিয়েছেন, গত ঈদুল ফিতরের কয়েকদিন আগে থেকে প্রভাবশালী মহল এই রাস্তার গাছ কাটা শুরু করেছে। ইতোমধ্যেই ৭০-৮০টি গাছ ধ্বংস হয়েছে। এতে বৃষ্টি ও বন্যার পানিতে রাস্তা ধসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা বলেন, সরকারি নিয়মনীতি ও টেন্ডার প্রক্রিয়া উপেক্ষা করে দিন দিন অবাধে গাছ কেটে নেওয়া হচ্ছে।
পোড়াপাইকর গ্রামের সাজু মিয়া জানান, বেসরকারি সংস্থা গাছ রোপণ করলেও রক্ষণাবেক্ষণের দায়িত্ব খুব সামান্য বেতনে একজনকে দেওয়া হয়েছিল। উপজেলা বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গাছ কাটার বিষয়ে তাদের কোনো তথ্য নেই। ইউএনও স্বীকৃতি প্রামানিক বলেন, অভিযোগের পর গাছ কাটতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং প্রশাসন বিষয়টি নজরে রেখেছে। তবুও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে এবং যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছে তারা।
