গোয়াইনঘাটের ইউনিয়ন ভূমি অফিস
কর্মকর্তা-কর্মচারীর ধস্তাধস্তির ভিডিও ভাইরাল
Advertisement
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল গোয়াইনঘাটের একটি ভিডিও। ভিডিওটি গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসের। এতে দেখা যাচ্ছে, উপ-সহকারী ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেন ও অফিস সহায়ক আয়াত উদ্দিনের মধ্যে অফিসের দরজা লাগিয়ে মারামারির ঘটনা। ভিডিওটি শুক্রবার ভাইরাল হলেও ঘটনা বুধবার বেলা সাড়ে ১১টার। উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের তোয়াকুল ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তার (তহশিলদার) রুমে দরজা লক অবস্থায় এ ঘটনা ঘটে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, তহশিলদারের রুমের দরজা বন্ধ করে দুজন একে অপরের কলার ধরে কিলঘুসি মারছেন। বাইরে থাকা সেবাগ্রহীতারা দরজা খোলার আহ্বান জানান। পরে দরজা খুললে এক যুবক ভেতরে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অফিস সহায়ককে বাইরে বের করে দেন। ঘটনার পর সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, অর্থ লেনদেনসংক্রান্ত বিরোধ থেকে এ সংঘর্ষের সূত্রপাত। এ বিষয়ে তহশিলদার দেলোয়ার হোসেন মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে অফিস সহায়ক আয়াত উদ্দিন দাবি করেন, হাজিরা খাতা চাওয়া নিয়ে তহশিলদার তার ওপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও হামলা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
