রামগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবক খুন
নওগাঁ তারাগঞ্জ গলাচিপায় মানিকছড়ি হাটহাজারী ও হবিগঞ্জে ৬ লাশ উদ্ধার
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রামগঞ্জ পৌরসভার টামটা ওয়ার্ডে মঙ্গলবার এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের একপক্ষের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। এছাড়া নওগাঁ, তারাগঞ্জ ও গলাচিপায় যুবক, মানিকছড়িতে গৃহবধূ, হাটহাজারীতে বৃদ্ধা ও হবিগঞ্জে সাবেক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার টামটা ওয়ার্ডের রৌশন আলী পাটোয়ারীবাড়ি থেকে মঙ্গলবার শরীফ হোসেন নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই বাড়ির আ. লতিফ পাটোয়ারীর ছেলে। জানা গেছে, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে তিন ভাইয়ের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। বড় ভাই ফারুক হোসেন ও তার স্ত্রী আইরীন সুলতানা শরীফের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছেন। অন্যদিকে মেঝ ভাই মাসুদ আলমের স্ত্রী ঝুমা আক্তার অভিযোগ করেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন জানান, এ ঘটনায় তদন্ত চলমান। নওগাঁয় শহরের বাইপাস বরুণকান্দির মোড়ে গ্যারেজে রাখা বাস থেকে মঙ্গলবার জাহিদ ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি জেলার মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে এবং বি.আর. সুপার পরিবহণ বাসের হেলপার। জানা গেছে, ওই বাসটি মেরামতের জন্য সোমবার সকালে বরুণকান্দি মোড়ে কালুর গ্যারেজে নিয়ে আসা হয়। রাতে খাবার খেয়ে আরেক সহকর্মী ইউসুফের সঙ্গে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন জাহিদ। সকালে ইউসুফ তাকে ঘুম থেকে ওঠার জন্য ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। রংপুরের তারাগঞ্জে সয়ার ইউনিয়নের চ্যাংপাড়া গ্রামে নিজ ঘর থেকে মঙ্গলবার ফুলবাবু নামে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের লাল মিয়ার ছেলে। জানা গেছে, ফুলবাবু দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার বাড়ির লোকজনের অগোচরে গলায় ফাঁস দেন তিনি। খাগড়াছড়ির মানিকছড়িতে ভোলাইয়াপাড়া এলাকায় নিজ ঘর থেকে মঙ্গলবার তাসলিমা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বাবা আবদুর রহিমের দাবি, পারিবারিক কলহের জেরে স্বামী ইব্রাহীম খলিল তার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। জানা গেছে, মঙ্গলবার তাসলিমা ও তার স্বামীর মধ্যে দাম্পত্য কলহ তৈরি হয়। কিছুক্ষণ পর তাসলিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার মেয়ে। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের সোনার তরি হোটেল থেকে সোমবার রাতে কামরুল হাসান নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মাধবপুরের গোবিন্দপুর গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে। এসআই ধ্রুবেশ চক্রবর্তী জানান, কামরুল হাসান জনতা ব্যাংক হবিগঞ্জ শাখার এজিএম ছিলেন। সম্প্রতি তিনি অবসরে যান। এক সপ্তাহ ধরে ওই হোটেলের একটি কক্ষ ভাড়া নিয়ে থাকছিলেন। সোমবার রাতে হোটেল বয় তাকে ডাকতে গেলে সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। পটুয়াখালীর গলাচিপায় চরবিশ্বাস ইউনিয়নে স্লুইজঘাটসংলগ্ন খাল থেকে মঙ্গলবার সরোয়ার হাওলাদার নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। খালে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। জানা গেছে, রোববার রাতের খাবার শেষে সরোয়ার হাওলাদার নদীর তীরে ট্রলারে ঘুমানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে পুকুর থেকে মঙ্গলবার ভাসমান অবস্থায় বিবি আয়েশা নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মনার বাড়ির মৃত আবু সানার স্ত্রী। জানা গেছে, পুকুরে বৃদ্ধার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ছেলে মঞ্জুরুল আলম জানান, বিবি আয়েশা মৃগী রোগে ভুগছিলেন। অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।
