সরাইলে ভাতিজার কাণ্ড
বাড়ি দখলে নিতে প্রতিবন্ধী চাচাকে হত্যাচেষ্টার অভিযোগ
Advertisement
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সরাইলে প্রতিবন্ধী চাচার বাড়ি দখলে নিতে আপন ভাতিজার বিরুদ্ধে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রতিবন্ধী হোসেন মিয়া ভাতিজা সাব্বির, তার মা রেখা আক্তারসহ চারজনকে আসামি করে থানায় অভিযোগ করেছেন। গত ২৯ মার্চ সকাল ১০টার দিকে উপজেলার ধামাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাব্বির মিয়া প্রতিবন্ধী হোসেন মিয়ার আপন বড় ভাই প্রবাসী কাশেম মিয়ার ছেলে। বৃহস্পতিবার সরেজমিন গিয়ে ভুক্তভোগী হোসেন মিয়া, প্রতিবেশী আব্দুল লতিফ ও জাহাঙ্গীর মিয়ার সঙ্গে কথা বলে ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ ভাতিজা সাব্বির মিয়া দা নিয়ে হোসেন মিয়ার ঘরে প্রবেশ করেন তাকে কুপিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে।
এ সময় তার চিৎকারে প্রতিবেশী আব্দুল লতিফ, জাহাঙ্গীর মিয়াসহ কয়েকজন মিলে তাকে বাঁচান। প্রতিবন্ধী হোসেন মিয়ার স্ত্রী মাহমুদা আক্তার জানান, ‘আমার ভাসুর প্রবাসী কাশেম মিয়া বিত্তশালী লোক। তার স্ত্রী রেখা আক্তার ও ছেলে সাব্বির গত বছর জোর করে আমার স্বামীর জায়গায় পাকা গোসলখানা ও টয়লেট নির্মাণ করে ব্যবহার করছেন। ওই গোসলখানা ও টয়লেট আমার স্বামীর জায়গাতে নির্মাণ করা হলেও আমাদের ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। কাশেম মিয়ার স্ত্রী-ছেলে চাইছে আমার প্রতিবন্ধী স্বামী ও আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে তারা পুরো বাড়ি দখল করে বিল্ডিং তৈরি করতে। আমরা বাড়ি ছেড়ে অন্যত্র যেতে রাজি না হওয়ায় তারা দু-একদিন পরপরই আমাদের ঘরবন্দি করে রাখে। এছাড়া দীর্ঘদিন ধরে গালাগাল, মারধরসহ বিভিন্ন মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছে।’ অভিযুক্ত রেখা আক্তার বলেন, ‘আমি দেবরের জায়গায় গোসলখানা ও টয়লেট নির্মাণ করেছি সত্য। আমরা মিলেমিশে ব্যবহারও করছি। এগুলো নির্মাণ করার সময় আমার দেবর বলছিলেন, ওই জায়গা আমাদের দিয়ে দেবেন। তারা পাশের জায়গায় চলে যাবেন, কিন্তু এখন তারা যেতে চাচ্ছেন না। তবে আমার ছেলে সাব্বিরের ব্যাপারে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।’
