মহম্মদপুরে স্বামীর কাণ্ড
পরকীয়ার সন্দেহে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন যুবকের
Advertisement
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মহম্মদপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে রাসেল নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে কাবুল নামে এক যুবকের বিরুদ্ধে। হামলায় রাসেলের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার বড়রিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত রাসেল গ্রামের ভ্যানচালক বাদশা শেখের ছেলে। তিনি পেশায় খোয়া ভাঙার শ্রমিক। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার ফেলু ফকিরের ছেলে কাবুলের স্ত্রীর সঙ্গে রাসেলের পরকীয়ার সম্পর্ক রয়েছে। এমন সন্দেহকে কেন্দ্র করে কাবুল তার স্ত্রীকে মারধর করে। পরে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যায় এবং বর্তমানে বাবার বাড়িতেই রয়েছে। এর জের ধরে কাবুল এবং রাসেলের মধ্যে উত্তেজনাও বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে কাবুলের নেতৃত্বে কয়েকজন যুবক রাসেলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাসেলের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে। রাসেলের চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মহম্মদপুর থানার ওসি মো. আশরাফুজ্জামান জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।
