বিএটিবি মিরপুর লীফ ডিপো
শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুপক্ষের উত্তেজনা
Advertisement
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। কুষ্টিয়া জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন গ্রুপ এবং কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের ভাই সিহাব উদ্দিন গ্রুপের লোকজনের মধ্যে এ উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার দুপুরের দিকে মিরপুর উপজেলায় অবস্থিত লীফ ডিপোর সামনে এ ঘটনা ঘটে। এ সময় অনেকের কাছেই অস্ত্র ও লাঠিসোঁটা ছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) মিরপুর লীফ ডিপোতে শ্রমিক সরবরাহকারী ঠিকাদার সিহাব উদ্দিন। তিনি দীর্ঘদিন ধরে এ কোম্পানিতে শ্রমিক সরবরাহ করেন। এবার কুষ্টিয়া জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন শ্রমিক সরবরাহ করেছেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। ওইদিন মিরপুর লীফ ডিপোতে দুপক্ষের লোকজনের উপস্থিতিতে হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
কুষ্টিয়া জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন বলেন, মিরপুর লীফ ডিপোতে আমি শ্রমিক সরবরাহ করেছি। শ্রমিকদের সঙ্গে নিয়ে আমি ডিপোতে কাজ করাচ্ছিলাম। এমন সময় শিহাব ডিপোর মধ্যে আসে এবং আমাকে বের করে দিতে চান।
অভিযোগ অস্বীকার করে সিহাব উদ্দিন বলেন, আমি দীর্ঘদিন ধরে নিয়ম মেনে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে শ্রমিক সরবরাহ করি। এবার সুমন শ্রমিক সরবরাহ করেছে। আমি তার প্রতিবাদ করেছি। আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
