স্বামীকে ডিভোর্স দেওয়ার জের
কালিয়ায় সাবেক স্ত্রীকে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত
Advertisement
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কালিয়ায় মিতু খানম নামে এক নারীকে ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখমের অভিযোগ উঠেছে তারই সাবেক স্বামীর বিরুদ্ধে। গত শনিবার মধ্যরাতে উপজেলার নড়াগাতী থানার তেলিডাংগা গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় অর্ধশত সেলাইয়ের মাধ্যমে মিতুর ক্ষত থেকে রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক। ভুক্তভোগী মিতু উপজেলার তেলিডাংগা গ্রামের মৃত ওবায়দুল শেখের মেয়ে। আর অভিযুক্ত সাবেক স্বামী নূরে আলম মল্লিক মির্জাপুর গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রায় আট বছর আগে পারিবারিকভাবে মিতু ও নূরে আলমের বিয়ে হয়। নূরে আলম নেশাসক্ত ছিল। বিভিন্ন সময় যৌতুক চাইত এবং মিতুকে মারধর করত। ফলে অত্যাচার সইতে না পেরে দেড় মাস আগে স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়ি চলে আসেন তিনি। এতে ক্ষুব্ধ হন নূরে আলম। একপর্যায়ে শনিবার মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে ওত পেতে থাকা সাবেক স্বামী মিতুর ওপর হামলা করেন। তিনি যাতে অন্য কোথাও বিয়ে করে সংসার করতে না পারেন, সেজন্য ব্লেড দিয়ে তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন তিনি। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্যরা বেরিয়ে এলে পালিয়ে যান নূরে আলম। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত নূরে আলমের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
