|
ফলো করুন |
|
|---|---|
কালিয়ায় বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম
কালিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার ছোট কালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কৃষ্ণপদ আচার্য ওই গ্রামের মৃত সন্তোষ আচার্যের ছেলে। জমি নিয়ে বিরোধের জেরে তিনি প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন। ওসি মো. ইদ্রিস আলী বলেন, দোষীদের ধরতে অভিযান চলছে। নড়াইল প্রতিনিধি
শরীয়তপুরে পানির পাম্পে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
শরীয়তপুরে বিদ্যুৎচালিত পানির পাম্পের সঙ্গে ওড়না পেঁচিয়ে রোজিনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার পৌরসভার ৩নং ওয়ার্ডে হাজরাসার গ্রামের চরপালং বালুরঘাটে কীর্তিনাশা নদীর পাড়ে ওই দুর্ঘটনা ঘটে। স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে পানির পাম্পে ওই নারীর ওড়না পেঁচিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শরীয়তপুর প্রতিনিধি
মঠবাড়িয়ায় টেকনিক্যাল স্কুল স্থানান্তরের প্রতিবাদ
মঠবাড়িয়ায় নির্মাণাধীন উত্তর সোনাখালী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদ কাজ দ্রুত শেষ করার দাবিতে সোমবার মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঠবাড়িয়া-সোনাখালী-পাথরঘাটা সড়কে আমড়াগাছিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। তারা অভিযোগ করেন, প্রভাবশালী ব্যক্তিদের প্রভাবে ওই প্রতিষ্ঠানের নির্মাণ বন্ধের পাঁয়তারা চলছে। কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামান রুমেল, সমাজ সেবক তোতা মিয়া, ব্যবসায়ী ইয়াকুব আলী। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
কলাপাড়ার ধানখালী কলেজ অধ্যক্ষের কক্ষে তালা
কলাপাড়ায় জেষ্ঠ্যতা লঙ্ঘন করে পদ গ্রহণ ও অর্থ কেলেঙ্কারির অভিযোগে ধানখালী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আযাদের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষকরা। সোমবার সাংবাদিক সম্মেলনে জেষ্ঠ্য শিক্ষক মাসুম বিল্লাহসহ অন্যরা বলেন, আবুল কালাম সিনিয়র হিসেবে সপ্তম স্থানে থেকেও শিক্ষা মন্ত্রনালয়ের পরিপত্র লঙ্ঘন করেছেন। পাশাপাশি মব সৃষ্টি করে এবং সিনিয়র শিক্ষকদের মামলার ভয় দেখিয়ে গত বছরের ৩০ জুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ কেড়ে নেন। পদ পাওয়ার পরই শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ কলেজের অর্থ আত্মসাৎ করেন। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন আবুল কালাম আযাদ। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ
আমেরিকার সঙ্গে প্রস্তাবিত রেসিপ্রোক্যাল ট্রেড এগ্রিমেন্ট বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। সোমবার অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সমন্বয়কারী শহীদুল ইসলাম মিরন। উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা অধ্যাপক আবদুল সাত্তার, বাসদ নেতা ডা. মনীষা চক্রবর্তী। বরিশাল ব্যুরো
টুঙ্গিপাড়ায় তেল সরবরাহে কারচুপি, পাম্প মালিককে জরিমানা
টুঙ্গিপাড়ায় ভোক্তা পর্যায়ে তেল সরবরাহে পরিমাপে কারচুপির অভিযোগে পাম্প মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার মেসার্স টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। গোপালগঞ্জ প্রতিনিধি
মাদারীপুরে লিফটে আটকা ৮ জনকে দেড় ঘণ্টা পর উদ্ধার
মাদারীপুর লিফটে আটকে থাকা শিশু, নারীসহ ৮ জনকে দেড়ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার লেকেরপাড়ে সমন্বিত অফিসের ১০তলা ভবনের লিফটে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিকালে সমন্বিত সরকারি অফিস ভবনে সেলাই প্রশিক্ষণ নিতে আসেন ৭ নারী প্রশিক্ষণার্থী। এ সময় তাদের সঙ্গে একজন শিশু ছিল। উপরের তলায় যাওয়ার সময় হঠাৎ লিফটটি মাঝপথে বিকল হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে। টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
