|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না প্যাঁচিয়ে মৃত্যু
রাজবাড়ীতে রিকশায় বসে থাকা অবস্থায় চাকায় ওড়না প্যাঁচিয়ে সেলিনা মোজাম্মেল ঝর্না (৬৫) নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার শহরের পান্নাচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিনা রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মিয়ার মা। রাজবাড়ী প্রতিনিধি
বাল্যবিবাহ, আইনজীবীর চেম্বারে আটক বর-কনে
যশোরে আইনজীবীর চেম্বারে বাল্যবিবাহের সময় বর-কনেসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার আইনজীবী সমিতির ভবনে মিজানুর রহমানের চেম্বারে ঘটনাটি ঘটে। জানা গেছে, সোমবার এক কিশোর বন্ধুকে সঙ্গে নিয়ে ওই আইনজীবীর কাছে যান। বউ হিসাবে আনা হয় স্কুল ড্রেস পরা ছাত্রীকে। বিয়ে শেষ হওয়া মাত্রই ভ্রাম্যমাণ আদালত সেখানে হানা দেন। এ সময় কৌশলে পালিয়ে যান আইনজীবী। পরে পরিবারের সঙ্গে থাকার শর্তে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। যশোর ব্যুরো
আনোয়ারায় বিয়ের ৩ দিন আগে বরের মৃত্যু
আনোয়ারায় বিয়ের তিন দিন আগে মো. নয়ন (২৬) নামে বরের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝির বাড়ির নাসিরের ছেলে। বৃহস্পতিবার তার বিয়ের কথা ছিল। সোমবার জ্বরে আক্রান্ত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছিল। পথেই তার মৃত্যু হয়েছে। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
ফিলিং স্টেশনে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেফতার
বগুড়ার নন্দীগ্রামে ফিলিং স্টেশনে (পাম্পে) প্রতারণা করতে গিয়ে এবিএম আবদুল মুকিত পার্থ নামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা ধরা পড়েছেন। সোমবার রণবাঘা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে পাম্পের মিটারম্যান বাদী হয়ে তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা করেছেন। প্রতারক মুকিত নন্দীগ্রামের রণবাঘা তেঘরী গ্রামের বাসিন্দা। বগুড়া ব্যুরো
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ ব্যবসায়ীর আত্মহত্যা
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বিকাশ কর্মকার (৪৭) নামে এক স্বর্ণ ব্যবসায়ী। রোববার রাতে সাতৈর রেলস্টেশনে রাজশাহী থেকে গোবড়াগামী (টুঙ্গীপাড়া এক্সপ্রেস) ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। নিহত বিকাশ সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের মৃত নিতাই কর্মকারের ছেলে। ঋণের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ফরিদপুর ব্যুরো
মানবাধিকার সংগঠনের নামে প্রতারণা, ৩ জনকে পুলিশে সোপর্দ
বালিয়াকান্দিসহ বিভিন্ন স্থানে মানবাধিকার সংগঠনের নাম ভাঙিয়ে প্রতারণার দায়ে চক্রের ৩ সদস্যকে পুলিশে দিয়েছে জনতা। এ সময় একজন কৌশলে পালিয়ে যায়। সোমবার ক্লিনিকে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার নামে বিভিন্ন পদ পদবি ব্যবহার করে অভিযান চালায় খন্দকার নাজিম, ফয়সাল চৌধুরী, টুটুল মোল্লা ও সফিকুল ইসলাম চক্রটি। এ সময় অর্থ আদায়ের চেষ্টা করলে তাদের প্রতারণার বিষয়টি ধরা পড়ে। বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
নাইক্ষ্যংছড়িতে অপহৃত বাইকচালক মুক্তিপণে মুক্ত
নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের কেঙ্গারবিল এলাকা থেকে অপহৃত বাইকচালক মোর্শেদ আলম অবশেষে মুক্তি পেয়েছেন। মুক্তিপণ দেওয়ায় সোমবার চকরিয়ার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে ছেড়ে দেয় সশস্ত্র দুর্বৃত্তরা। রোববার অস্ত্রের মুখে তাকে অপহরণ করা হয়। নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
