ধোবাউড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যার প্রচার
গৌরনদী বাঘা বানিয়াচং ও আনোয়ারায় ৪ লাশ উদ্ধার
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ধোবাউড়ায় নারীকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচার চালানোর অভিযোগ উঠেছে। এছাড়া গৌরনদীতে অটোরিকশা মেকার, বাঘায় চা বিক্রেতা, বানিয়াচংয়ে যুবক ও আনোয়ারা কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : ময়মনসিংহের ধোবাউড়ায় জাহানারা (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার খড়িয়া গ্রামের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জাহানারা ওই এলাকার মাওলানা আবু ইউসুফের স্ত্রী। ওই নারীর পরিবারের অভিযোগ কলহের জেরে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচার চালানো হচ্ছে। ওসি শফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। বরিশালের গৌরনদীতে অটোরিকশা গ্যারেজের ভেতর থেকে জালাল কাজী (৫৫) নামে এক মেকারের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে অটোরিকশার গ্যারেজের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি পার্শ্ববর্তী আগৈলঝাড়ার ভালুকশী গ্রামের মৃত সেকেন্দার কাজীর ছেলে। ওসি মো. তারিক হাসান রাসেল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। রাজশাহীর বাঘায় চা বিক্রেতা সানাউল্লাহ ছানার (৪৫) লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মনিগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি পুকুর থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সানাউল্লাহ উপজেলার হাবাসপুর গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে। হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওড় থেকে সজলু মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার পাড়াগাঁও হাওড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সজলু মিয়া উপজেলার তাতারী মহল্লার নূর হোসেনের ছেলে। তিনি পরিবারসহ বড়বান্দ এলাকায় বসবাস করতেন। ওসি শরীফ আহমেদ জানান লাশ মর্গে পাঠানো হয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় নিজ বসতঘরে ফ্যানে ঝুলন্ত অবস্থায় মঙ্গলবার নুরতাজ আক্তার (১৬) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি পরৈকোড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কৈখাইন গ্রামের গুরা মিয়া সওদাগরের বাড়ির আজাদুল ইসলামের মেয়ে। পরিবারের দাবি মোবাইল ফোন মেরামত করে না দেওয়ায় সে আত্মহত্যা করেছে। ওসি জুনায়েত চৌধুরী বলেন, মৃত্যুর কারণ জানতে লাশ মর্গে পাঠানো হয়েছে।
