মোবাইল ব্যাংকিং অ্যাপ হ্যাক
হোমনায় গ্রাহকের ৫০ হাজার টাকা হাতাল চক্র
Advertisement
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হোমনায় এক গ্রাহকের মোবাইল ব্যাংকিং অ্যাপ হ্যাক করে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগী মো. আতিকুর রহমান থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে অজ্ঞাত প্রতারক চক্র মো. আতিকুর রহমানের মোবাইল ফোন হ্যাক করে ব্র্যাক ব্যাংকের ‘আস্থা’ অ্যাপ হ্যাক করে তার ‘মতিহার কিচেন’ নামীয় হিসাব নম্বর থেকে ৫০ হাজার টাকা একটি বিকাশ নম্বরে স্থানান্তর করে নেয়। ভুক্তভোগী আতিকুর রহমান জানান, তিনি একজন ব্যাংক গ্রাহক ও হোটেল ব্যবসায়ী। ঘটনার সময় হঠাৎ তার মোবাইল ফোন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই তিনি দেখতে পান, কোনো ওটিপি বা অনুমতি ছাড়াই তার অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকার বেশি উত্তোলন করা যায় না বিধায় বাকি টাকা উত্তোলন করতে পারেনি। এ ঘটনার পরদিন থানায় সাধারণ ডায়েরি করতে গেলে ওসি (তদন্ত) দীনেশ দাস গুপ্ত তাকে লিখিত অভিযোগ দিতে বলেন। এদিকে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, একই কৌশলে একাধিক গ্রাহকের মোবাইল হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার একাধিক ঘটনা ঘটেছে। এ বিষয়ে ওসি (তদন্ত) দীনেশ দাস গুপ্ত বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। তবে এ ধরনের প্রতারণার ক্ষেত্রে সঠিক তথ্য পাওয়া খুবই কঠিন। তারপরও বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে।’
