|
ফলো করুন |
|
|---|---|
হালুয়াঘাটে কৃষক হত্যায় ৫ জনের যাবজ্জীবন
ময়মনসিংহের হালুয়াঘাটে কৃষক হবিবুর রহমান হত্যায় রোববার পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো-মোকামিয়া গ্রামের শুক্কুর আলী, হারেজ আলী, আমির আলী, জমির আলী ও হাতেম আলী। তাদের ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। উল্লেখ্য, ২০১২ সালের ১৪ অক্টোবর জমির বিরোধে হবিবুরকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়মনসিংহ ব্যুরো
গলাচিপায় পানিতে ডুবে জেলের মৃত্যু
গলাচিপায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মোস্তাফা হাওলাদার (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার পানপট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে জয়মানিক গ্রামে বোয়ালিয়া নদীতে মাছ ধরতে গিয়ে তিনি মারা যান। জানা গেছে, ওই নদীতে জাল ফেলে পানিতে ডুব দেয় মোস্তফা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর জেলেরা ডুব দিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি
বাবুগঞ্জে শিশুকে পাশবিক নির্যাতন, শিক্ষক পলাতক
বাবুগঞ্জে সহকারী শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে আল ইকরা দারুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রের বাবা অভিযুক্ত শিক্ষক মাসুম বিল্লাহর নামে বাবুগঞ্জ থানায় মামলা করেছেন। ঘটনার পর পালিয়ে গেছে ওই শিক্ষক। বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
পাথরঘাটায় জমি নিয়ে বিরোধে টেঁটাবিদ্ধ ৩
পাথরঘাটায় জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধ হয়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন-আব্দুল জলিল, রুবি আক্তার ও রুস্তম আলী। এদের মধ্যে রুবি আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সদর ইউনিয়নের গহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে আসামিরা। এমন অভিযোগে শনিবার পাথরঘাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন আহতের স্বজনরা। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
শেরপুরের গারো পাহাড়ে গাছ কাটায় আটক ২
শেরপুরের গারো পাহাড়ের বনভূমি থেকে গাছ কাটার মচ্ছব চলছে। প্রতি রাতেই কেটে নেওয়া হচ্ছে গাছ। শনিবার গাছ কেটে নেওয়ার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তারা হলো-হালুয়াহাটি গ্রামের জজ মিয়া ও বালিজুরির জুমুর আলী। এ সময় বালিজুরি অফিসপাড়ার লাল চান বাদশাসহ সহযোগীরা পালিয়ে যায়। শেরপুর প্রতিনিধি
টাঙ্গাইলে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা
‘প্লাস্টিক জমা দিন, পরিবেশ বন্ধু গাছ নিন’ স্লোগানে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে টাঙ্গাইলের স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুবদের জন্য ফাউন্ডেশন’। শনিবার শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত কর্মসূচিতে সাধারণ মানুষ থেকে প্লাস্টিক পণ্য জমা নিয়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ওষুধি ও শোভাবর্ধনকারী গাছের চারা বিতরণ করে সংগঠনটি। উদ্যোক্তা মুঈদ হাসান তড়িৎ বলেন, আমরা চাই তরুণ প্রজন্ম পরিবেশ রক্ষায় এগিয়ে আসুক। যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
উজিরপুরে ডাকাতি
উজিরপুরে গভীর রাতে একটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। গুঠিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম সরদারের ছেলে সুমন সরদারের বাড়িতে ওই ডাকাতি হয়েছে। ডাকাতদল ঘরে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। বরিশাল ব্যুরো
