|
ফলো করুন |
|
|---|---|
চিতলমারীতে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
চিতলমারীতে বজ্রপাতে শান্ত শেখ (২০) নামে গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরও এক শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বড়বাড়িয়া ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত ওই ইউনিয়নের গাংপাড় গ্রামের দবির শেখের ছেলে। আহত এছিন মীরের বাড়ি বড়বাড়িয়া মৃত্তিপাড়া গ্রামে। চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
লাকড়ি কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
ময়মনসিংহের গফরগাঁওয়ে লাকড়ি কুড়াতে গিয়ে ফাতেমা খাতুন নামে এক বৃদ্ধা বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। বৃহস্পতিবার উথুরী গ্রামের লালু মেম্বার মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা ওই গ্রামের হজরত আলীর স্ত্রী। ওসি আসম আতিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেন। গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ভাঙ্গা-বরিশাল ভায়া কুয়াকাটা মহাসড়ক চারলেন দাবি
ভাঙ্গা-বরিশাল ভায়া আমতলী-কুয়াকাটা মহাসড়ক চারলেন করার দাবিতে বৃহস্পতিবার গণঅনশন কর্মসূচি হয়েছে। আমতলী সচেতন নাগরিক মহল নামের ব্যানারে ওই কর্মসূচি পালিত হয়। আয়োজক মো. মোমেন আকন বলেন, সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন ওই সড়কে প্র্রাণ হারাচ্ছে মানুষ। চারলেন করা হলে দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে বলে জানান তিনি। তালতলী (বরগুনা) প্রতিনিধি
সুন্দরবনে ড্রোন অভিযানে নৌকাসহ বিষ জব্দ
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কেওড়ার মাঠ সংলগ্ন খালে ড্রোনের সহয়তায় অভিযানে বিষ দিয়ে চিংড়ি মাছ নিধন পণ্ড করে দিয়েছে বনরক্ষীরা। বুধবার সন্ধ্যায় অভিযানকালে জেলেরা বনের গহিনে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১টি নৌকা জব্দ করা হয়। এ সময় বিষ দিয়ে ধরা ১০ কেজি চিংড়ি মাছ ও বিষের বোতল উদ্ধার করা হয়। বাগেরহাট প্রতিনিধি
ব্যান্ডেজে মোড়ানো বস্তাবন্দি খণ্ডিত পা উদ্ধার
ঢাকার ধামরাইয়ে সারজিক্যাল ব্যান্ডেজে মোড়ানো মানুষের খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার কুল্লা ইউনিয়নের ছোট চন্দ্রাইল এলাকা থেকে পায়ের এ অংশটি উদ্ধার করা হয়। ওসি মো. নাজমুল হুদা খান বলেন, খণ্ডিত পায়ের অংশ মর্গে পাঠানো হয়েছে। ধামরাই (ঢাকা) প্রতিনিধি
সড়কের পাশে রহস্যময় কফিন!
ময়মনসিংহের নান্দাইলে সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা খালি কফিন ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোরে নান্দাইল চৌরাস্তা-কেন্দুয়া সড়কের মিশ্রিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে কফিনটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। কফিনের ভেতরে কিছু সাদা ও কালো রঙের লম্বা পলিথিন ছিল। ওসি মো. আজহারুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
