পাথরঘাটায় জমি নিয়ে বিরোধ
মরিচের গুঁড়া ছিটিয়ে হামলা আহত ৭
Advertisement
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পাথরঘাটায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নারীদের বিরুদ্ধে একটি পানের গুদামে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মরিচের গুঁড়া ছিটিয়ে সাতজনকে আহত করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে পাথরঘাটা বাজারের পূর্ব মাথায় একটি মাংসের দোকানসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা গুদামের সামনের অংশ ভাঙচুর করে পুকুরে ফেলে দেয়। এ সময় প্রতিপক্ষ বাধা দিতে গেলে তাদের ওপর মরিচের গুঁড়া ছিটিয়ে মারধর করা হয়। আহতরা হলো মিজানুর রহমান, মো. সোহাগ, মুছা, রকি, হাফিজা বেগম, তাছলিমা ও খাদিজা। এর মধ্যে মিজানুর রহমান ও তার স্ত্রী হাফিজা বেগমকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত মিজানুর রহমান জানান, প্রায় ৫২ বছর আগে ক্রয় করা এক শতাংশ জমির ওপর তারা বসবাস করছেন। ঘরের সামনের অংশ পানের গুদাম হিসাবে ব্যবহার করেন। তার অভিযোগ, প্রতিবেশী মৃত হামেজ খানের পরিবার দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা করছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। শনিবার ঘরের চালা মেরামতের সময় একদল নারী এসে মরিচের গুঁড়া ছিটিয়ে তাদের মারধর করে এবং ঘর ভাঙচুর করে।
অন্যদিকে মৃত হামেজ খানের মেয়ে তাছলিমা দাবি করেন, জায়গাটি তাদের পৈতৃক সম্পত্তি। তারা সেটি উদ্ধারে গেলে প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালায়।
স্থানীয় সাবেক কাউন্সিলর আব্দুস সালাম বলেন, বিষয়টি দীর্ঘদিনের বিরোধ। একাধিকবার সালিশি বৈঠক হলেও কোনো পক্ষ সমাধানে রাজি না হওয়ায় বারবার সংঘর্ষের ঘটনা ঘটছে।
