দাউদকান্দিতে কিশোরকে হত্যার পর খালে নিক্ষেপ
শার্শা গজারিয়া ও পাকুন্দিয়ায় ৩ লাশ উদ্ধার
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দাউদকান্দিতে কিশোরকে হত্যার পর লাশ খালে ফেলে রাখা হয়েছে। শার্শায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর জমিতে ফেলে রাখা হয়েছে। এছাড়া গজারিয়ায় যুবক ও পাকুন্দিয়ায় বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : কুমিল্লার দাউদকান্দিতে খাল থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার জিংলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে রামনগর সংযোগ সড়কের নতুন সেতুর নিচে খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ রিফাত (১২) দাউদকান্দি পৌরসভার উত্তর নছরউদ্দিন গ্রামের মো. হাসান মিয়ার ছেলে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই কিশোরেকে হত্যা করে লাশ খালে ফেলে রেখে গেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। যশোরের শার্শায় বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের হরিনাপোতা মাঠে ধান খেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে কে বা কারা তাকে শ্বাসরোধে হত্যার পর ধান খেতে ফেলে রেখে গেছে। ওসি আশরাফ হোসেন জানান, ওই যুবকের লাশ মর্গে পাঠানো হয়েছে। মুন্সীগঞ্জের গজারিয়ায় শাহজালাল (২৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গজারিয়া ইউনিয়নের নাগেরচর গ্রামের লিটন মিয়ার পুকুরপাড়ের একটি কাঁঠালগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহজালাল ওই গ্রামের নাসির উদ্দিনের ছেলে। জানা যায়, চার বোনের পর শাহজালাল ছিলেন মা-বাবার একমাত্র ছেলে। জীবিকার তাগিদে তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। শাহজালাল একাধিক বিয়ে করলেও তার কোনো সংসার স্থায়ী হয়নি। পারিবারিক অশান্তি ছিল নিত্যদিনের ঘটনা। পারিবারিক কলহে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল্লাহ বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজ ঘর থেকে নাছরিন বেগম নামে বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সুখিয়া ইউনিয়নের কুশাকান্দা গ্রামের মৃত ইয়াকুব আলী স্ত্রী। তিনি পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত মাঠকর্মী। স্বামীর মৃত্যুর পর তিনি ঘরে একাই থাকতেন। জানা যায়, ১৯ এপ্রিল দুপুরের দিকে তিনি নিজ বাড়িতে প্রবেশ করে আর বের হননি। বুধবার বিকেলে বাড়ির পাশ থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তালা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।
