ঘুরতে গিয়ে নির্যাতনের শিকার শ্রমিক
কুয়াকাটায় অণ্ডকোষে লাথি হাত-পা বেঁধে বৈদ্যুতিক শক
Advertisement
যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মহিপুরে মো. শামীম ফকির নামে এক শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে কোস্টগার্ড সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে। শামীম ফকির উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, ছোট ভাইকে নিয়ে সেতুতে ঘুরতে গেলে সাদা পোশাকধারী তিনজন কোস্টগার্ড সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে ধরে মহিপুরের নিজামপুর কোস্টগার্ড স্টেশনে নিয়ে যায়। শামীম ফকির বলেন, তাকে সেখানে চিংড়ির রেণু আহরণের গোয়েন্দাগিরির অভিযোগে মারধর করা হয়। একপর্যায়ে তার অণ্ডকোষে লাথি মারা হয় এবং তার কাছে থাকা ১০ হাজার ৭০০ টাকা নিয়ে নেওয়া হয়। এছাড়া হাত-পা বেঁধে বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগও করেন তিনি। পরে তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়রা বলেন, রেণুপোনা আহরণের মৌসুমে নিজামপুর কোস্টগার্ড স্টেশনের সামনেই নিয়মিত নিষিদ্ধ জাল দিয়ে চিংড়ির রেণুপোনা ধরা হয়। এমন পরিস্থিতিতে কাউকে নির্যাতন করা কতটা যৌক্তিক? নিজামপুর কোস্টগার্ড স্টেশনের একটি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে রিসিভকারী ব্যক্তি নিজেকে কোস্টগার্ডের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা বলে পরিচয় দেন। তিনি এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে জানান।
