|
ফলো করুন |
|
|---|---|
কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
কোটালীপাড়ায় শনিবার সকালে পিঞ্জুরী ইউনিয়নের কাগডাঙ্গা-গোপালপুর সড়কে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, দুই বছর আগে কাগডাঙ্গা-কাঠিগ্রাম খালের কাগডাঙ্গা জামে মসজিদের পাশে ব্রিজের নির্মাণ শুরু হলেও সাবেক চেয়ারম্যান আবু সাইদ সেটি বন্ধ করে দেয়। পুনরায় এটি চালুর দাবি জানান বক্তারা। কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ৬ জেলে
সুন্দরবনে বনদস্যুদের বন্দিদশায় ১৩ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে শনিবার ভোরে বাড়ি ফিরেছেন ছয় জেলে। ২০ এপ্রিল শরণখোলার কোকিলমনি ও চাতরা খাল এলাকা থেকে বনদস্যু শরীফ ও নানাভাই বাহিনীর সদস্যরা ওই ছয় জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে। বনদস্যুদের দাবিকৃত দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাদের ছাড়িয়ে আনা হয়েছে। বাগেরহাট প্রতিনিধি
গৌরীপুরে ছাত্রদল নেতা মানিকের ওপর হামলা
গৌরীপুরে শুক্রবার রাতে শ্যামগঞ্জ এলাকায় পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক। মানিকের বাড়ি উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী গ্রামে। এ ঘটনায় রিয়েল, গিয়াসউদ্দিন, রকি, মোসলেম উদ্দিন, রাহাত, আব্দুর রাজ্জাক, আরমানসহ অজ্ঞাতনামা সাতজনের নামে মামলা করা হয়েছে। গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
বরিশালে এনসিপিতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান
শনিবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে যুব ও গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করেন জেলা এনসিপির আহ্বায়ক আবু সাঈদ মুসা। এনসিপিতে যোগ দেওয়া ব্যক্তিরা হলেন- গণঅধিকার পরিষদ বাবুগঞ্জ শাখার সভাপতি সিরাজুল ও সম্পাদক মাসুম, যুবঅধিকারের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ। বরিশাল ব্যুরো
ফুলপুরে দাদি হত্যায় নাতি আটক
ফুলপুরের রামভদ্রপুর ইউনিয়নের জাটিয়া গ্রামে বুধবার রাতে দাদি আয়েশা আক্তারকে (৭৫) কুপিয়ে হত্যার ঘটনায় নাতি জসিমউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। জাটিয়া গ্রামের জসিমকে দাদি লালন পালন করেন। জসিম মাদক সেবনসহ নানা অপরাধে জড়িয়ে যায়। এনিয়ে দাদি ও নাতির মধ্যে বিরোধ চলছিল। ওইদিন রাতে জসিম দা দিয়ে কুপিয়ে দাদি আয়েশাকে হত্যা করে। ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকায় এসএসসি পরীক্ষার্থীকে চাচার ছুরিকাঘাত
ভালুকায় বৃহস্পতিবার রাতে জামিরদিয়া ডুবালিয়াপাড়ায় তুচ্ছ ঘটনায় চাচার ছুরিকাঘাতে আহত হয়েছে এসএসসি পরীক্ষার্থী। আহত ছাত্রী সাদিয়া আক্তার সাইদুল ইসলামের মেয়ে। ওইদিন সন্ধ্যায় মজনু মিয়ার তিনটি হাঁসের বাচ্চা হারিয়ে যায়। এ নিয়ে মহিলাদের মধ্যে কথা কাটাকাটির সময় উত্তেজিত হয়ে মজনু সাদিয়াকে ছরিকাঘাত করে। এ ঘটনায় সাইদুল থানায় মামলা করেন। ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ত্রিশালে সিএনজির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ
ত্রিশালে শনিবার সকালে চক্ররামপুর প্রইমারি স্কুলের সামনে সিএনজির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। ত্রিশাল টু চকরামপুর সিএনজি ভাড়া ২০ থেকে ৩০ টাকা করার প্রতিবাদে এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ এবং সহকারী কমিশনার মাহবুবুর রহমান স্থানীয়দের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
কটিয়াদীতে ধান কাটতে গিয়ে পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু
কটিয়াদীতে শুক্রবার বিকালে চান্দপুর হাওড়ের রৌওয়া বিলে ধান কাটতে গিয়ে নৌকা ডুবে আরিফুল ইসলাম (২৫) নামে কৃষকের মৃত্যু হয়েছে। মৃত আরিফুল ইসলামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর সিংহেশ্বর গ্রামে। নৌকায় ধান নিয়ে কৃষকের বাড়িতে ফিরছিলেন। চলন্ত অবস্থায় পথে হঠাৎ নৌকাটি পানিতে ডুবে গেলে জসিম ও বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরিফুল তলিয়ে যায়। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
