|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরে রাইস মিলে জরিমানা
চাঁদপুরের নতুন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রোববার মেসার্স নিউ পূবালী অটো রাইস মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দেশের বিভিন্ন মিলের নাম ও ঠিকানা সংবলিত বস্তায় চাল বাজারজাতকরণ, পুরাতন চাল পুনরায় বাজারজাতকরণের উদ্দেশ্য সংরক্ষণ এবং বস্তায় মিলগেইট মূল্য উল্লেখ না থাকায় এ জরিমানা করা হয়। চাঁদপুর প্রতিনিধি
সৌদিতে স্ট্রোকে কোম্পানীগঞ্জের নজরুলের মৃত্যু
সৌদির তায়েফে স্ট্রোক করে রোববার কোম্পানীগঞ্জের নজরুল ইসলাম বুলবুল (৫০) মারা গেছে। তিনি কোম্পানীগঞ্জের চরপার্বতী কালা মিয়া মুহুরি বাড়ির বাসিন্দা। স্বজনরা জানান, তিনি সৌদিতে ২০ বছর ধরে ব্যবসা করতেন। গত বছর নানান জটিলতায় দোকান ছাড়ার পর এক সপ্তাহ আগে তিনি হৃদরোগে আক্রান্ত হন। কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
খালে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীর মৃত্যু
হাঁস তুলতে গিয়ে বদলগাছীর গুচ্ছগ্রামের পাশের একটি খালে পড়ে মিনতি পাহান (৪৫) নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীর মৃত্যু হয়েছে। খালের মাঝখানে ডুবে থাকা একটি বস্তা দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান। রোববার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খাল থেকে তার লাশ উদ্ধার করে। বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
চেক জালিয়াতিতে দেবিদ্বার শ্রমিকদলের আহ্বায়ক কারাগারে
দেবিদ্বারে চেক জালিয়াতির মামলায় শনিবার উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মাসুম বিল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা ও কুমিল্লায় দুটি পৃথক চেক জালিয়াতি মামলায় যথাক্রমে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড এবং ৩২ লাখ টাকা অনাদায়ে এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। রোববার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
চাঁদপুর-কুমিল্লা সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশে রোববার সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলা সদর থেকে লালমাই পর্যন্ত প্রায় ২৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী বলেন, যেসব ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে তাদের একটি তালিকা করে কর্তৃপক্ষকে জানাব। চাঁদপুর প্রতিনিধি
বগুড়ায় ভুয়া চক্ষু ডাক্তারকে জরিমানা
বগুড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমকেএ সাকিদার নামে এক ভুয়া চক্ষু চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে শহরের সূত্রাপুর এলাকায় জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্রে এ অভিযান চালানো হয়। তিনি গত তিন বছর ধরে চক্ষু বিশেষজ্ঞ হিসাবে চিকিৎসা দিয়ে আসছিলেন। বগুড়া ব্যুরো
চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত করায় জরিমানা
চাটখিলে বদলকোট ইউনিয়ন ছাত্রলীগ নেতা জসিম উদ্দীনের সংশ্লিষ্ট ডিলার প্রতিষ্ঠান শশী এন্টারপ্রাইজ ও রয়েল এন্টারপ্রাইজের মাধ্যমে বরাদ্দকৃত টিসিবির পণ্য গুদামজাত করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলার পরকোট ইউনিয়নের মুন্সি রাস্তা এলাকায় ৩৬০ লিটার সয়াবিন তেল, প্রায় ২ শত কেজি চিনি এবং ২ শত কেজি ছোলা জব্দ করা হয়। নোয়াখালী (উত্তর) প্রতিনিধি
সুন্দরবনে জলদস্যুদের হাতে ২ বনজীবী অপহৃত
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় জলদস্যুর হাতে শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের ইসমাইল শেখ ও আব্দুল করিম নামে দুই বনজীবী অপহরণের অভিযোগ উঠেছে। রোববার বিকালে সুন্দরবনের মাহমুদা নদীর মাইটভাঙা খাল এলাকায় আলিম ওরফে আলিফ বাহিনীর সদস্যরা তাদের জিম্মি করে নিয়ে যায়। সাতক্ষীরা প্রতিনিধি
