|
ফলো করুন |
|
|---|---|
বরিশালে শিশুর রহস্যজনক নিখোঁজ
বরিশাল নগরীতে খিচুড়ি খেতে গিয়ে স্কুলছাত্র সৌরভ দাস (১৩) নিখোঁজের ঘটনায় তোলপাড় চলছে। শনিবার রাতে নগরীর ভাটিখানা সড়কের সাহাপাড়ার মোড় থেকে নিখোঁজের দুদিন পরও তাকে উদ্ধার করা যায়নি। ওসি সঞ্জিত চন্দ্র জানান, আমরা সৌরভের শেষ লোকেশন নথুল্লাবাদ বাস টার্মিনাল পর্যন্ত পেয়েছি। ঘটনার সময় বিদ্যুৎ বিভ্রাটে তার গতিবিধি পর্যবেক্ষণ করতে কষ্ট হয়েছে। ওইদিন রাতে সৌরভের মা মোবাইল ব্যাংকিং থেকে ৫০০ টাকা তুলে খিচুড়ি আনতে বলে। বরিশাল ব্যুরো।
বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
বড়লেখায় সোমবার দুপুরে দক্ষিণভাগ ইউনিয়নের আরেঙ্গাবাদ গ্রামে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন আহমদ (১৯) নামে ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। মৃত ইমন দোহালিয়া গ্রামের বাদাই মিয়ার ছেলে। ইমন ওইদিন দুপুরে এক ব্যক্তির বাড়িতে কাজের সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি।
দুদিনেও মেলেনি মেঘনায় নিখোঁজ জেলেদের সন্ধান
মেহেন্দীগঞ্জসংলগ্ন মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে একটি জেলে নৌকা ডুবে নিখোঁজ দুই জেলের সন্ধান এখনো মেলেনি। সোমবার দুপুরে জানান এসআই গৌতম চন্দ্র। শনিবার বিকালে উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাটসংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। ট্রলার নিয়ে উদ্ধার কাজ শুরু করেন। তীব্র স্রোতে তল্লাশি চালিয়েও সন্ধান পাওয়া যায়নি জেলে শিপন ও জুয়েলের। বরিশাল ব্যুরো।
দেওয়ানগঞ্জে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, শিক্ষক গ্রেফতার
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় সাতদিন পর সোমবার থানায় শিশুটির বাবা অভিযোগ করলে পুলিশ মাদ্রাসা শিক্ষক সাইদুর রহমান মুন্সীকে গ্রেফতার করেন। ২৬ এপ্রিল উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সাকোয়া গ্রামে ঘটনাটি ঘটে। ওই ছাত্রীর বাবার বাড়ি না থাকায় মদিনাতুল উলুম নূরানী মাদ্রাসার শিক্ষক সাইদুর তার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। জামালপুর প্রতিনিধি
কালকিনিতে যুবলীগ নেতা গ্রেফতার
সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলায় কালকিনি পৌরসভা শাখা যুবলীগের সাধারণ সম্পাদক ও সৈয়দ আবুল হোসেন কলেজের শিক্ষক আজিজুল শরিফকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আজিজুলের বাড়ি উপজেলার গোপালপুর এলাকায়। তার বিরুদ্ধে থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি।
সরিষাবাড়ীতে সময়সূচি পরিবর্তনের দাবিতে ট্রেন অবরোধ
সরিষাবাড়ীতে সোমবার বিকালে জগন্নাথগঞ্জ ঘাট রেলস্টেশনে বন্ধ ট্রেন পুনরায় চালু এবং আন্তঃনগর এক্সপ্রেস সময়সূচি পরিবর্তনের দাবিতে অবরোধ করেছেন স্থানীয়রা। এ সময় ট্রেনটি আধা ঘণ্টা আটকে রাখা হয়। বক্তারা বলেন, বর্তমানে আন্তঃনগর তিনটি ট্রেন চলাচল করলেও অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেসের সময়সূচি কাছাকাছি হওয়ায় যাত্রীস্বল্পতা দেখা দেয়ায় পরিবর্তন জরুরি। জামালপুর প্রতিনিধি।
আখাউড়ায় মাদক সম্রাজ্ঞী নাসিমা গ্রেফতার
আখাউড়া রেলস্টেশন থেকে সোমবার সন্ধ্যায় পূর্বাঞ্চল সীমান্তের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাদক সম্রাজ্ঞী নাসিমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার নাসিমা বেগম কুমিল্লার বুড়িচংয়ের ময়নামতি সাহেববাজার সীমান্ত এলাকার হরিশ্চর গ্রামের হাসানের স্ত্রী। পুলিশ গোয়েন্দা নজরদারি জোরদার করে নাসিমাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।
ময়মনসিংহে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু
ময়মনসিংহে প্রতিনিয়তই বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট ২৪ শিশুর মৃত্যু হয়েছে। ২৮ এপ্রিল ঈশ্বরগঞ্জ থেকে ৭ মাসের ওই ছেলে শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। ময়মনসিংহ ব্যুরো।
গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় ছাত্রীর আত্মহত্যা
ভোলা সদরের মাছুমা খানম বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তাইয়্যেবা জাহান চৈতি গণিত পরীক্ষায় কাঙ্ক্ষিত উত্তর লিখতে না পারায় সোমবার সকালে আত্মহত্যা করেন। রোববার ছিল ওই পরীক্ষা। পরীক্ষার প্রশ্নপত্র জটিল হয়েছে এমন অভিযোগ শিক্ষার্থীদের। ডাক্তার হওয়ার স্বপ্নে বিজ্ঞান বিভাগে পড়ছিল সে। ভোলা প্রতিনিধি।
