|
ফলো করুন |
|
|---|---|
মুলাদীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত কারাগারে
মুলাদীতে ঘর থেকে টেনে বের করে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলার আসামি মিন্টু কাজীকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার চরকালেখান ইউনিয়নে এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। ওই নারীর স্বামী ঢাকায় চাকরি করায় তিনি শিশুসন্তান ও শ্বশুরকে নিয়ে বাড়িতে থাকেন। ওইদিন সন্ধ্যায় মিন্টু ওই নারীকে একা পেয়ে ঘর থেকে টেনে উঠোনে নিয়ে ধর্ষণচেষ্টা করেন।
মুলাদী (বরিশাল) প্রতিনিধি।
কলাপাড়ায় কৃষকদের থেকে ধান ক্রয়ের দাবিতে বিক্ষোভ
কলাপাড়ায় ধানের লাভজনক দাম, লটারি প্রথা বাতিল, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবিতে সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে বুধবার সকালে কৃষকরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। বক্তারা বলেন, কৃষকরা ধান চাষ করে ঋণগ্রস্ত হয়ে পড়েছে। এর প্রধান কারণ সিন্ডিকেট। ধান কেনায় ও ধান কাটায় হারবেস্টর মেশিন সিন্ডিকেট। প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে কৃষকদের রক্ষার দাবি জানান তারা। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।
কটিয়াদীতে ধান কাটতে গিয়ে কিশোরের মৃত্যু
কটিয়াদীতে মঙ্গলবার দুপুরে মধ্যপাড়া পুবেরবন্দের মাঠে ধান কাটতে গিয়ে অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে বাবুল মিয়া (১৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বাবুল আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে। সকাল থেকে দুপুর পর্যন্ত ধান কেটে ঠেলাগাড়িতে কর্দমাক্ত রাস্তা দিয়ে বাবুল ও তার সহযোগীরা ঠেলে বাড়ি ফিরছিল। এ সময় অতিরিক্ত গরমে বাবুল হিট স্ট্রোকে রাস্তায় মারা যান।
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।
শেরপুরে ঐতিহ্যবাহী চরণতলা মেলা
পূজা অর্চনা, জমজমাট নানা খেলনা, আর বাহারি দোকানের পসরায় শেরপুরের গারো পাহাড়ে শত বছের পুরোনো ঐতিহ্যবাহী চরণতলা মেলা ও কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল থেকে বুধবার সকাল পর্যন্ত অনুষ্ঠিত এ মেলা দেখতে হাজার হাজার ভক্তকুল হিন্দু সম্প্রদায়, আদিবাসী সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা ভিড় করেন। মেলায় শতাধিক পাঠা বলি দেওয়া হয়। প্রতিবছর বৈশাখের প্রথম মঙ্গলবার এটি অনুষ্ঠিত হয়। শেরপুর প্রতিনিধি।
মোহনগঞ্জে ছাত্রী অপহরণ, জনতার হাতে তরুণী আটক
মোহনগঞ্জের আদর্শনগরে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তারকে অপহরণের সময় মঙ্গলবার সন্ধ্যায় জনতার হাতে আটক হয়েছে ইসরাত জাহান। ইসরাতকে পুলিশে সোপর্দ করা হয়েছে। নাদিয়া আদর্শনগর বাজার এলাকায় বিকালে প্রাইভেট পড়তে গেলে অপহরণকারী ইসরাত কৌশলে নাদিয়াকে মোহনগঞ্জ নিয়ে এলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় ইসরাতসহ ভিকটিমকে আটক করে। মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি।
এসএসসি পরীক্ষায় অনিয়ম, কেন্দ্র সচিবকে অব্যাহতি
কালকিনিতে সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বুধবার সকালে কেন্দ্রের সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইউএনও সাইফ উল আরেফিন এ তথ্য নিশ্চিত করেন। পরীক্ষা চলাকালে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ ওঠে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব ইয়ামিনের বিরুদ্ধে। পরীক্ষার সব কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি।
খোঁজ মিলেছে ছাত্রের, এখনো নিখোঁজ ছাত্রী?
বরিশাল নগরী থেকে শুক্র ও শনিবার হারিয়ে যাওয়া দুই স্কুল শিক্ষার্থীর মধ্যে খোঁজ মিলেছে সৌরভ দাস শানের। তবে এখনো নিখোঁজ মুনিয়া আক্তার নামের অপর ছাত্রী। সৌরভকে মঙ্গলাবার রাত ৩টায় কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। কালেক্টর স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সৌরভ। মুনিয়া নগরীর এআরএস স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ও ধান গবেষণা রোডের মোহাম্মদ হোসেনের মেয়ে।
বরিশাল ব্যুরো।
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
ভাঙ্গার কালামৃধা আঞ্চলিক সড়কে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মঙ্গলবার রাতে শাহ আলম ফকির (৩৫) নামে আহত যুবকের মৃত্যু হয়েছে। নিহত শাহ আলমের বাড়ি উপজেলার আজিমনগর গ্রামে। এর আগে ২ মে রাতে বাড়ি ফেরার পথে আজিমনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে পাঁচজন যাত্রী আহত হন। শাহ আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি।
জামিনে মুক্তির পর হৃদরোগে ছাত্রলীগ নেতার মৃত্যু
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শেরপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মোয়াজ জামিনে মুক্তির কয়েকদিন পর বুধবার ভোরে হৃদরোগে মারা গেছেন। পাঁচ আগস্টের ছাত্র হত্যা মামলায় সাত মাসেরও বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তির মাত্র এক সপ্তাহের মাথায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মোয়াজের বাড়ি মীরগঞ্জ বারাকপাড়া এলাকায়। শেরপুর প্রতিনিধি।
ফুলপুরে যুবলীগ নেতা গ্রেফতার
ফুলপুরের সিংহেশ্বর ইউনিয়নের যুবলীগ নেতা আব্দুল্লাহ জিহাদ প্রিন্সকে বুধবার সকালে পুরাপুটিয়া বাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রিন্স জুলাই যোদ্ধা আয়নল হকের গাড়ি পোড়ানো মামলার আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। ওসি ফিরোজ হোসেন জানান, প্রিন্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি।
মেহেরপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
মেহেরপুর শহরে যৌতুকের দাবিতে স্ত্রী ডলি খাতুনকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী সাজু হোসেনকে বুধবার দুপুরে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ২০১২ সালে যৌতুকের দাবিতে নির্যাতনে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ডলি খাতুনের মৃত্যু হয়। মেহেরপুর প্রতিনিধি
