রাঙ্গাবালীতে তরুণের মৃত্যু ঘিরে রহস্য
গলায় ওড়না প্যাঁচানো নারীর পোশাকে ঝুলেছিল লাশ
Advertisement
যুগান্তর প্রতিবেদন, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাঙ্গাবালীতে মঙ্গলবার রাতে খাবার খেয়ে দোতলায় ঘুমাতে যাওয়া তরুণ রিফাত গাজীকে বুধবার সকালে বাড়ির পাশের গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পরনে ছিল নারীদের পোশাক, নাক-মুখ প্যাঁচানো ছিল একাধিক ওড়না দিয়ে। ঘটনাটি ঘিরে এলাকায় তৈরি হয়েছে নানা প্রশ্ন। মৃত্যুর কারণ নিয়ে দেখা দিয়েছে রহস্য। ঘটনাটি ঘটেছে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট এলাকায়। মৃত রিফাত গাজী ওই এলাকার লিটন গাজীর ছেলে। তিনি নানাবাড়িতে থাকতেন এবং বাবার সঙ্গে মাঝেমধ্যে সাগরে মাছ ধরতে যেতেন। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ভাত খেয়ে নানাবাড়ির দোতলায় ঘুমাতে যান রিফাত। বুধবার সকালে সিঁড়ির নিচে তার জুতা দেখে স্বজনরা ধারণা করেন, তিনি ঘুমাচ্ছেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে বাড়িসংলগ্ন একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। স্বজনদের দাবি, লাশ উদ্ধারের সময় তার পরনে ছিল সালোয়ার-কামিজ। মুখমণ্ডল তিনটি ভিন্ন রঙের ওড়না প্যাঁচানো ছিল এবং গলায়ও একটি ওড়না প্যাঁচানো ছিল, যেটি দিয়ে ফাঁস দেওয়া হয়। মাটিতে পড়ে ছিল তার ব্যবহৃত জিন্সের প্যান্ট। মৃতের বাবা লিটন গাজী বলেন, ‘মঙ্গলবার রাতে স্বাভাবিকভাবেই খেয়ে ঘুমিয়েছে ছেলে। সকালে দেখি মেয়েদের পোশাক পরা অবস্থায় লাশ। আমাদের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কীভাবে কী হলো বুঝতে পারছি না। দেখা যায় আত্মহত্যা, কিন্তু পরনে যে মেয়েদের পোশাক-সেখানেই সন্দেহ।’ খবর পেয়ে দুপুরে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলাল হোসাইন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
