|
ফলো করুন |
|
|---|---|
লালপুরে ইটভাটায় জরিমানা
লালপুরে অবৈধ মাটি উত্তোলনের অভিযোগে ইটভাটার মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলার পালপাড়া বাকনাই এলাকায় অভিযান চালিয়ে এসএমকে ভাটার মালিক মো. উজ্জ্বল হোসেনকে এ অর্থদণ্ড করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবীর হোসেন। লালপুর (নাটোর) প্রতিনিধি
বাঁশখালীতে এনসিপিতে অর্ধশতাধিক নাগরিকের যোগদান
বাঁশখালীতে অর্ধশতাধিক ব্যক্তি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। শনিবার বিকালে নতুনদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি জাওয়াদুল করিম বলেন, নতুন রাজনীতির স্বপ্ন দেখা সম্মানিত নাগরিকবৃন্দ ও তরুণ নেতৃত্ব আজ (রোববার) ভরসা করে এনসিপির রাজনীতিতে নাম লিখিয়েছেন। ফলে দায়িত্বভার দিন দিন আরও বাড়ছে। আমাদের লক্ষ্য জনতার ক্ষমতাকে জনতার দুয়ারে পৌঁছে দেওয়া। বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
মাঠ থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে ছাত্রীর মৃত্যু
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামে রোববার বিকালে বজ্রপাতে আঁখি আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। জানা যায়, বিকালে বৃষ্টি শুরু হলে ঘরের সামনে খলায় শুকাতে দেওয়া ধান আনতে যায় আঁখি। এ সময় হঠাৎ বজ্রপাতে আহত হওয়ার পর স্বজনরা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ প্রতিনিধি
বগুড়ায় হ্যাচিং ডিমে তৈরি হচ্ছে কেক, বিস্কুট
বগুড়া সদরের চারমাথা এলাকায় ফুলকলি বেকারিতে কেক, বিস্কুট, পাউরুটি জাতীয় খাবার তৈরিতে হ্যাচিং ডিম (অফুটন্ত ডিম) ব্যবহার করায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সেখানে যৌথ অভিযান চালায়। পাশাপাশি প্রতিষ্ঠানটি খাদ্যপণ্যের প্যাকেটে অগ্রিম তারিখ ব্যবহার করে ভোক্তাদের প্রতারিত করে যাচ্ছিল। বগুড়া ব্যুরো
জামায়াত নেতার বাড়িতে ককটেল নিক্ষেপ
নাচোলে গভীর রাতে জামায়াত নেতার বাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ হয়েছে। শনিবার উপজেলার ফতেপুর ইউনিয়নের বিরেন বাজার সংলগ্ন রুহুল আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে সাগর ও তার সহযোগীরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি অবিস্ফোরিত অবস্থায় বাড়ির পাশে পড়ে থাকে। ওসি সুবিমল চন্দ্র দেব বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
কাউনিয়ায় ধর্ষণচেষ্টায় ননদের স্বামী গ্রেফতার
কাউনিয়ায় ছোট শ্যালকের স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সজল মিয়া নামে ননদের স্বামীকে শনিবার গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
যৌন নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধ এবং দেশজুড়ে নারী ও শিশুদের ওপর যৌন নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন হয়েছে। রোববার সকালে স্থানীয় বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্টের (এএফএডি) উদ্যোগে শহরের খলিলগঞ্জ এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ মানববন্ধন হয়। কুড়িগ্রাম প্রতিনিধি
চেক জালিয়াতি করায় তিতাসে ছাত্রদল নেতা গ্রেফতার
তিতাসে চেক জালিয়াতির মামলার আসামি ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাঈনুদ্দিন সরকার খুশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার আসমানীয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিতাস থানা পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
চট্টগ্রামে তৈরি হচ্ছে ভেজাল মসলা
চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে জিরা মসলার সঙ্গে জিরার মতো দেখতে ক্যারাওয়ে সিডস মেশানোসহ ভেজাল মসলা তৈরির দায়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেসার্স নবীন ট্রেডার্সকে এ জরিমানা করে। এ সময় আরও দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। চট্টগ্রাম ব্যুরো
