পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
হাতকড়াসহ পালিয়ে যাওয়া জুয়াড়িসহ গ্রেফতার ১৫
Advertisement
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নান্দাইলে জুয়াবিরোধী অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয়দের মধ্যে ধস্তাধস্তি এবং হ্যান্ডকাফসহ ৫ আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘড়িয়া নতুন বাজারে রোববার রাতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় পালিয়ে যাওয়া ব্যক্তিদের পুনরায় আটক করে পুলিশ। সূত্র জানায়, রাত ১১টার দিকে বারঘড়িয়া বাজারের লাল মিয়ার চায়ের দোকানে অভিযান চালায় নান্দাইল মডেল থানার এসআই সম্রাজ ও এসআই পলাশের নেতৃত্বাধীন পুলিশ দল। এ সময় লুডু খেলা অবস্থায় কয়েকজনকে আটক করে দোকানের শাটার নামিয়ে দেওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ ও পিকআপ ভ্যান এলে আটক ব্যক্তিদের গাড়িতে তোলার সময় হুড়াহুড়ি ও ধস্তাধস্তির সৃষ্টি হয়। সেই সুযোগে পাঁচজন হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় পুলিশ ক্ষুব্ধ হয়ে লাঠিচার্জ করলে স্থানীয়দের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ আরও ১০ জনকে আটক করে।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় রাত ১টার দিকে পালিয়ে যাওয়া সাইদুল ইসলাম, কিরণ, উজ্জ্বল, মোবারক হোসেনসহ পাঁচজন পুলিশের কাছে ধরা দেয়। তবে স্থানীয়দের অভিযোগ, নিরীহ চাখোর ও টিভি দেখতে আসা লোকজনকেও আটক করা হয়েছে। ওসি আজহারুল ইসলাম জানান, মোট ১৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১২ জনকে জুয়া আইনে এবং তিনজনকে ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে।
