ব্যক্তিমালিকানার শতাধিক গাছ কেটে বেড়িবাঁধ নির্মাণ
পটুয়াখালীতে পাউবোর বিরুদ্ধে অভিযোগ
Advertisement
যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালী সদর উপজেলার মিঠাপুর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিরুদ্ধে ব্যক্তি মালিকানাধীন জমির শতাধিক গাছ কেটে জরুরি মেরামতের নামে বেড়িবাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিকপক্ষ ক্ষোভ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা দাবি করেছেন, কোনও ধরনের পূর্ব অনুমতি, নোটিশ কিংবা ক্ষতিপূরণের আশ্বাস ছাড়াই রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে জমিতে প্রবেশ করে গাছ কেটে মাটি ফেলে বাঁধ নির্মাণ করা হয়েছে। জানা যায়, সদর উপজেলার মিঠাপুর এলাকার বাসিন্দা আব্দুল লতিফ হাওলাদারের প্রায় ৪৫ শতাংশ জমিতে কয়েক বছর ধরে গড়ে তোলা বিভিন্ন প্রজাতির গাছের বাগান ছিল। পরিবারের সদস্যরা পটুয়াখালী জেলা শহরে অবস্থান করার সুযোগে ৫ মে রাতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নেতৃত্বে শ্রমিক ও যন্ত্রপাতি নিয়ে জমিতে প্রবেশ করে। পরে সেখানে থাকা শতাধিক গাছ কেটে ফেলা হয় এবং জমির একটি অংশে মাটি কেটে জরুরি মেরামতের কাজ শুরু করা হয়।
মালিকের ছেলে দাবি করেন, গাছ, জমি ও অবকাঠামো মিলিয়ে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও জানান তিনি। স্থানীয় বাসিন্দার ভাষ্য, উপকূলীয় বাঁধের কিছু অংশে মেরামত প্রয়োজন ছিল ঠিকই, তবে সেটিকে কেন্দ্র করে যেভাবে ব্যক্তি মালিকানাধীন জমিতে প্রবেশ করে গাছ কাটা হয়েছে, তা নিয়ে এলাকায় চরম ক্ষোভ তৈরি হয়েছে।
ভুক্তভোগী আব্দুল লতিফ হাওলাদার বলেন, ‘বেড়িবাঁধ নির্মাণ করতে হলে নিয়ম অনুযায়ী আমাদের সঙ্গে কথা বলা উচিত ছিল। কিন্তু তারা কোনও আলোচনা ছাড়াই গাছ কেটে জমি দখল করেছে।’ তবে অভিযোগ অস্বীকার না করে পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, ‘ওই এলাকায় জরুরি মেরামতের কাজ চলছিল। অভিযোগ পাওয়ার পর কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি ব্যক্তিগত জমিতে অনিয়ম করে কাজ করা হয়ে থাকে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
