আমতলীতে যুবককে কুপিয়ে হত্যা
Advertisement
যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আমতলী উপজেলার খুরিয়ার খেয়াঘাট এলাকায় মাজহারুল ইসলাম মনোয়ারকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ার উপজেলার দক্ষিণ আমতলীর জয়নাল মৃধার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী সদরের খুরিয়ার খেয়াঘাট ব্রিজের পশ্চিম পাশে আজিজ মৃধার রাইস মিল সংলগ্ন খালপাড়ে বুধবার রাতে ডাকচিৎকারের শব্দে স্থানীয় লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক ডা. শুভেন্দু রায় বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের দুই পায়ে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, মনোয়ার দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদকসংক্রান্ত কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আমতলীর ওসি আবু সাহাদাৎ হাচনাইন পারভেজ বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
