ফেনীতে বিল নিয়ে ঝগড়ার পর গৃহবধূর মৃত্যু
হত্যার অভিযোগ পরিবারের
Advertisement
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীতে জান্নাতুল মাওয়া নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টায় সদর উপজেলার ইলাশপুর গ্রামের প্রবাসী হৃদয় হাসানের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জান্নাতুল মাওয়া ওই বাড়ির মালিক প্রবাসী হৃদয় হাসানের স্ত্রী এবং পূর্ব কাছাড় গ্রামের আবদুস সাত্তারের মেয়ে। তাদের বিয়ে হয় প্রায় দুই বছর আগে। তাদের কোনো সন্তান ছিল না। নিহতের বাবা আবদুস সাত্তার অভিযোগ করেন, শনিবার সকাল ১০টার দিকে তিনি মেয়েকে নিয়ে জামাইয়ের বাড়িতে আসেন। এ সময় বিদ্যুৎ ও গ্যাস বিলের টাকা পরিশোধ নিয়ে পরিবারের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। কিছুক্ষণ পর তিনি মেয়েকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে রুমে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন মেয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতাল পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেছেন।
ওসি জানান, প্রাথমিকভাবে এটি ফাঁস বলে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।
