|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড
নয় বছর আগে স্ত্রী হত্যা ও লাশ আগুনে পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় স্বামীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত মো. মামুন পলাতক রয়েছেন। বৃহস্পতিবার চট্টগ্রাম জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাবুদ্দিন রায় দেন। তার বিরুদ্ধে আদালত সাজা পরোয়ানা জারি করেছেন। এদিকে মামুনের চাচা ঈমাম হাফেজ নামে অপর এক আসামিকে খালাস দিয়েছেন আদালত। রায়ে আদালত রাবেয়াকে হত্যার দায়ে তার স্বামী মামুনকে আমৃত্যু কারাদণ্ড, লাশ পোড়ানোর দায়ে ৭ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে যাবজ্জীবনপ্রাপ্ত ইকবাল গ্রেফতার
চট্টগ্রামে ইকবাল হোসেন নামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত
আসামিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইকবাল হোসেন ভোলার লালমোহন থানার খাইগোবাড়ি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে নগরীর বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা ছিল। গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে ছিল। চট্টগ্রাম ব্যুরো
দুই বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ
রৌমারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশি দুই যুবককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। পরে বিজিবি ওই দুই যুবককে রৌমারী থানার মাধ্যমে শনিবার পরিবারের কাছে পাঠিয়েছে। গত ২০ এপ্রিল শেরপুর সীমান্ত দিয়ে সুজন কবির এবং ৩০ এপ্রিল সিলেট সীমান্ত দিয়ে রবিউল ইসলাম রাজু কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। গত ৯ মে ভারতের মাইনকারচর থানা পুলিশ তাদের আটক করে। রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
রাণীনগরে গৃহবধূ ধর্ষণচেষ্টায় মিস্ত্রি গ্রেফতার
রাণীনগরে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গোলাম রব্বানী নামে এক ইলেকট্রিক মিস্ত্রিকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে গোলাম রব্বানী ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণচেষ্টা চালায়। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে আটক করে। ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, ভুক্তভোগী গৃহবধূ থানায় মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
খাগড়াছড়িতে ইউপিডিএফের তিন সন্ত্রাসী আটক
রামগড়ে যৌথ বাহিনীর অভিযানে শনিবার অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক হয়েছে। আটকরা হলেন সুইথোয়াই মারমা, রনেল চাকমা ও রাজু মারমা ওরফে সাচিং। এদের মধ্যে সুইথোয়াই মারমা গুলিবিদ্ধ হয়ে আহত হন। রনেল চাকমা ইউপিডিএফের কালেক্টর ও অপর দুজন সংগঠনটির সদস্য। তাদের থেকে একে-২২ রাইফেল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় সেনাবাহিনী ও রামগড় থানার পুলিশের যৌথ অপারেশনে পালটাপালটি গোলাগুলির পর তারা আটক হয়। খাগড়াছড়ি প্রতিনিধি
নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবিরকর্মী আটক
মহম্মদপুরে সৌদি প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী রানী খাতুনের সাথে
আপত্তিকর অবস্থায় শিবিরকর্মী ইব্রাহিম সরদারকে জনতা আটক করেছে। শুক্রবার রাতে চৌবাড়িয়া গ্রামে ওই ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাদের বেঁধে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদের থানা হেফাজতে নিয়ে যায়। তবে বিনোদপুর ইউনিয়নের শিবির সভাপতি আব্দুল্লাহ আল মাস বলেন, ছেলেটি শিবিরের কোনো পদে নেই। মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
নাগেশ্বরীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ২
নাগেশ্বরীতে নিজের জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রিয়াজুল ইসলাম নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার উপজেলার কেদার ইউনিয়নের চরবিষ্ণুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় এক কিশোর ও অপর এক গৃহবধূ আহত হন। মাঠে ছাগল আনতে গিয়ে বামনডাঙ্গা ইউনিয়নের কিশোর বায়েজিদ ও একই এলাকার গৃহবধূ ইসমোতারা রান্নাঘরে থাকা অবস্থায় আহত হন। তাদের দুজনকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কুড়িগ্রাম প্রতিনিধি
সৈয়দপুরে অপহৃত ছাত্রী উদ্ধার
সৈয়দপুরে অপহরণকৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। একই সাথে অপহরণের ঘটনায় অভিযুক্ত সুমন আলীকে শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সুমন আলী সৈয়দপুরের পশ্চিম বেলপুকুর ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। জানা যায়, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে সুমন আলী দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিলেও রাজি না হওয়ায় অপহরণের হুমকি দেয়। পরে গত ৭ মে দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সুমন আলী ও তার সহযোগীরা ছাত্রীকে অপহরণ করে। সৈয়দপুর প্রতিনিধি
কোম্পানীগঞ্জে আমগাছে বিষাক্ত পানি খেয়ে শিশুর মৃত্যু
কোম্পানীগঞ্জে চরএলাহীতে আম পাড়তে গাছে ওঠে বিষাক্ত পানি খেয়ে শুক্রবার মো. বাদশা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, নানার বাড়িতে গত বৃহস্পতিবার বিকালে আম গাছে ওঠে বাদশা। তখন গাছের ওপর পানির বোতল দেখে খাওয়ার পানি মনে করে সে কীটনাশকযুক্ত পানি খেয়ে ফেলে। পরে অসুস্থ অবস্থায় বাদশাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
সৈয়দপুরে ছাত্রী ধর্ষণচেষ্টায় বৃদ্ধ আটক
সৈয়দপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিশ্বনাথ মোহন্ত নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় শহরের মুন্সিপাড়া এলাকার সৈয়দপুর মহিলা কলেজসংলগ্ন একটি দোকানে ধর্ষণের চেষ্টা করায় ওই বৃদ্ধকে আটক করা হয়। জানা যায়, ওই ছাত্রী সন্ধ্যায় বাড়ির পাশে একটি দোকানে খেলনা ও স্টিকার কিনতে গেলে অভিযুক্ত বৃদ্ধ তাকে দোকানের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থল গিয়ে তাকে আটক করে পুলিশে দেন। সৈয়দপুর প্রতিনিধি
হামে শিশুর মৃত্যুতে দায়ীদের বিচার দাবি
হামে শিশু মৃত্যুর জন্য দায়ী ও হামের টিকা অব্যবস্থাপনার সাথে জড়িতদের বিচারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। শনিবার দুপুরে শহরের ডিবি রোডে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার টিকা কেনায় গড়িমসি করায় এবং শিশুদের টিকার আওতায় নিয়ে আসার ব্যর্থতার জন্যই এই হৃদয়বিদারক বিপর্যয় ঘটেছে। গাইবান্ধা প্রতিনিধি
সিংড়ায় গৃহবধূকে জিম্মি করে স্বর্ণালংকার লুট
সিংড়ায় শুক্রবার গভীর রাতে বাড়ির গেট ভেঙে আলম প্রামাণিক নামের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের তারাপুর গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল বাড়ির গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৪ ভরি স্বর্ণালংকার ও এক লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় তারা পাশের তিনটি বাড়ির দরজা আটকিয়ে দেয়। সিংড়া (নাটোর) প্রতিনিধি
