এসএসসি পরীক্ষা
ছাগলনাইয়ায় হলে খাতা না দেখানোয় ছাত্রকে ছুরিকাঘাত
Advertisement
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর ছাগলনাইয়ায় পরীক্ষার হলে খাতা না দেখানোকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার শেষ দিনে এক পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে বাংলা বাজার ছলেমা নজির উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। আহত কাজী আহমেদ আশ্রাফী নাবিল হরিপুর আলি আকবর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তিনি মোটবী ইউনিয়নের বেত্রাবাগ শিলুয়া বাড়ির কাজী নুরুল আবছার রিপনের ছেলে। অভিযুক্ত রাকিব হোসেন একই কেন্দ্রের পরীক্ষার্থী ও গতিয়া আজিজুল হক উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আহত নাবিল জানান, পরীক্ষার প্রথম দিন রাকিব তার খাতা দেখতে চাইলেও তিনি রাজি হননি। এ নিয়ে কেন্দ্রের বাইরে তাকে গালিগালাজ করা হয়। রোববার পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর রাকিবসহ ৭/৮ জন তাকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাংলা বাজারে এবং পরে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নাবিলের মা নার্গিস আক্তার অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। ওসি মো. শাহীন মিয়া বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
