টিকটকে পরিচয়ে প্রেম, বিয়ের পর স্ত্রীকে নির্যাতন
চোখ উপড়ে হত্যার চেষ্টা
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মধুখালীতে টিকটকে পরিচয়ের সূত্র ধরে প্রেম অতঃপর বিয়ের পর স্ত্রীকে ঢাকা থেকে গ্রামের বাড়িতে নেওয়ার কথা বলে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
শনিবার স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে গ্রাম পুলিশকে খবর দেন। গ্রাম পুলিশ ও নারীকে উদ্ধার করে নওপাড়া ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। সেখানে নিজের ওপর চালানো নির্যাতনের বর্ণনা দেন নববধূ। শুক্রবার রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের কুরানিয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রান্ত শেখ (২২) ওই এলাকার মুজিবর শেখের ছেলে।
জানা গেছে, টিকটকের মাধ্যমে পঞ্চগড়ের দেবীগঞ্জের টেপ্পিগঞ্জ ইউনিয়নের রশিদ শেখের মেয়ে রোকেয়া বেগমের সঙ্গে গাজীপুরে পরিচয় হয় প্রান্ত শেখের। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দেড় মাস আগে তারা পারিবারিকভাবে বিয়ে করেন। রোকেয়া বেগম জানান, শুক্রবার রাতে স্বামী প্রান্ত তাকে গাজীপুর থেকে নিজ বাড়িতে নেওয়ার কথা বলে ফরিদপুরের মধুখালীতে নিয়ে আসেন। রাতে মধুখালী রেলগেট এলাকায় বাস থেকে নামার পর প্রান্ত তাকে কুরানিয়ার চর গ্রামের একটি পাটখেতে নিয়ে যান। সেখানে রাতভর শারীরিক নির্যাতন চালানো হয়। এ সময় হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।
এমনকি তার চোখ উপড়ে ফেলারও চেষ্টা করা হয়। প্রাণ বাঁচাতে তিনি সেখান থেকে কৌশলে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
