কারখানায় ঢুকে ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন
কটিয়াদীতে লাশ উদ্ধার
Advertisement
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কটিয়াদীতে নিখোঁজের চারদিন পর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকেই মো. জিল্লুর রহমান নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কটিয়াদী পৌরসভার ভোগপাড়া মহল্লার কিশোরগঞ্জ-ভৈরব সড়কের পাশে কপি পানের কাপ ও প্লেট তৈরির কারখানার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করার পর কারখানার ফটকে তালা লাগিয়ে পালিয়ে যায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা এই ঘটনার পর। কারখানার কাজে ব্যবহৃত পিকআপচালক পলাতক রয়েছেন। নিহত জিল্লুর রহমান পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী উপজেলাধীন কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কটিয়াদী উপজেলা সদরে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন এবং মুন ডিজিটাল স্টুডিও কালার ল্যাব ও কপি পানের ওয়ান টাইম কপি কাপ ও প্লেট তৈরির কারখানার মালিক হিসাবে পরিচালনা করে আসছিলেন। জানা যায়, শুক্রবার সকালে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে যাননি। সোমবার সকালে স্ত্রী ও পরিবারের লোকজন বিকল্প চাবি দিয়ে কারখানার তালা খুলে লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছেন। কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
