মদনে গরু বিক্রি করে ফেরার পথে বৃদ্ধকে হত্যাচেষ্টা
Advertisement
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মদনে কুরবানির হাটে গরু বিক্রি করে ফেরার পথে পূর্বশক্রতার জেরে কাক্কন মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় কাক্কন মিয়ার দুই পায়ের গোড়ালি ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার জুমার নামাজের সময় গোবিন্দশ্রী ইউনিয়নে সুজন বাজার থেকে আসার পথে মদন-খালিয়াজুড়ী সড়কে ঈদগাহ মাঠের পাশে এ হামলা হয়। এ ঘটনায় শুক্রবার বিকালে ভিকটিমের স্ত্রী রুমেলা আক্তার থানায় লিখিত অভিযোগ করেছেন। জানা যায়, আহত বৃদ্ধ কাক্কন মিয়ার ভাগিনা সাজিবের সঙ্গে সবুজ মিয়ার ছেলে রুবিনের বৃহস্পতিবার সকালে টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কিলঘুসির ঘটনাও ঘটে। এ ঘটনার জেরে শুক্রবার গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে ওই বৃদ্ধকে ৫-৬ জন গতিরোধ করে মারধর শুরু করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ সময় তার থেকে গরু বিক্রির ২ লাখ টাকাও নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত রুবিনের ভাই কাওছার বলেন, বৃহস্পতিবার জুয়া খেলার টাকা নিয়ে আমার ভাইকে তারা মারধর করে। এজন্য এমন ঘটনা ঘটেছে। ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি।
