|
ফলো করুন |
|
|---|---|
বরগুনায় কোটি টাকার চিংড়ির রেণু জব্দ
বরগুনায় অবৈধভাবে পাচারকালে প্রায় কোটি টাকা মূল্যের গলদা ও বাগদা চিংড়ির রেণুসহ দুটি ট্রাক জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা পৌর বাসটার্মিনালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাক দুটি আটক করা হয়। এসময় ২২৭ ড্রাম রেণু উদ্ধার করা হয়। পরে পোনাগুলো বিষখালী নদীতে অবমুক্ত করা হয়। বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি
ধর্মপাশায় শিশুদের রং তুলিতে সুন্দরবন
ধর্মপাশার সেলবরষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার সকালে শিশুদের রং তুলিতে সুন্দরবন বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভয়েস অফ হাওর নামের এক স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ২০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
কটিয়াদীতে প্রবাসীর বাড়িতে আপন ভাইয়ের ডাকাতি
কটিয়াদীতে দিনের বেলায় প্রবাসীর স্ত্রীর চোখ-মুখ বেঁধে ডাকাতির অভিযোগে ওই প্রবাসীরই আপন ভাইসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া মিজানুর রহমান প্রবাসী রফিকুল ইসলামের ছোট ভাই এবং ইমন মিয়া পার্শ্ববর্তী দড়িপাড়া গ্রামের বাসিন্দা। শুক্রবার বনগ্রাম ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে রফিকুল ইসলামের বাড়ি থেকে লুট হওয়া ১১ ভরি স্বর্ণালংকার ও সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করা হয়েছে। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ফরিদপুরে ইউপি চেয়ারম্যান খোকন মন্ডল আটক
ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তুহিনুর রহমান খোকন মন্ডলকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ইউনিয়নের স্থানীয় আবজাল মন্ডলহাট এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ। ফরিদপুর ব্যুরো
ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রদল নেতার পদত্যাগ
বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামীম হোসাইন পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাতে শামিম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। শামিম হোসাইন বলেন, আমি কী কারণে পদত্যাগ করেছি সেটি আমার ব্যক্তিগত বিষয়। ফেসবুক আইডিতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছি। অফিশিয়ালভাবে পদত্যাগের জন্য প্রস্তুতি নিচ্ছি। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
কসবায় আগুনে পুড়ল চার দোকান
কসবার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর বাজারে শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে সেবা মেডিসিন হল, পপুলার ফার্মেসি, আনু স্টোর এবং একটি চা স্টল সম্পূর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ব্যবসায়ীদের। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
