ছাত্রদলের সাবেক নেতার কাণ্ড
চিলমারীতে কলেজ গেটের তালা ভেঙে মাঠে পশুর হাট
Advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চিলমারী সরকারি ডিগ্রি কলেজ গেটের তালা ভেঙে মাঠে পশুর হাট বসিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সমাজসেবা সম্পাদক জিহাদ ফেরদৌস চমক। কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের অনুমতি না মিললেও ক্ষমতার দাপটে ওই হাট বসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার দুপুরে কলেজ গেটের তিনটি তালা ভেঙে মাঠে বাঁশের খুঁটি বসিয়ে হাট শুরু করা হয়। কলেজে অধ্যক্ষ অধ্যাপক ড. মজিবল হায়দার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে জিহাদ ফেরদৌস চমকের দাবি, সরকার নির্ধারিত জামানতের টাকা কোষাগারে জমা দিয়ে তিনি জেলা প্রশাসকের অনুমতি নিয়েছেন। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে অবহিত করে কলেজ মাঠে পশুর হাট বসানো হয়েছে। তবে লিখিত অনুমতি দেখাতে অপরাগতা প্রকাশ করেছেন তিনি। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসানো আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা কোনো অনুমোদন দেইনি। শুনেছি অধ্যক্ষ গেটে তালা দিয়ে রেখেছে। সেই তালা ভেঙে হাট বসানো হয়েছে। আমি বিষয়টি দেখার জন্য ইউএনওকে বলেছি।
