চালককে হত্যা করে তেল বোঝাই ট্রাক ছিনতাই
মাগুরায় গ্রেফতার ৪
Advertisement
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মাগুরার এক ব্যবসায়ীর ভাড়া করা ট্রাকের চালককে হত্যা করে ৬০ ব্যারেল ভোজ্যতেল ছিনতাইয়ের ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ছিনতাই করা ব্যারেলের মধ্যে সোমবার ৪৬ ব্যারেল তেল সদর উপজেলার বিভিন্ন বাজার থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হচ্ছেন সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের আজাদ হোসেন হিটলার, বিকাশ সাহা, আব্দুল কুদ্দুস এবং বুধইরপাড়া গ্রামের হারুন অর রশীদ। পুলিশ জানায়, ১৬ মে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারের মেসার্স মহামায়া ট্রেডার্সের মালিক গোপাল সাহা নিজের কেনা ৬০ ব্যারেল ভোজ্যতেল নারায়াণগঞ্জ থেকে মাগুরা আনার জন্য আব্দুর রহমান নামে এক ট্রাকচালককে দায়িত্ব দেন। ওইদিন রাত ১০টার দিকে তিনি তেলবোঝাই ট্রাকটি নিয়ে মাগুরার পথে রওয়ানা দেওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আড়পাড়ার মহামায়া ট্রেডার্সে ফিরে আসেননি। ট্রাকচালক আব্দুর রহমান যশোরের রাজারহাট এলাকার ইব্রাহিম কাজীর ছেলে। এদিকে এ ঘটনার চার দিন পর ২০ মে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলাবাজার এলাকার রাস্তার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় আব্দুর রহমানের ট্রাকটি উদ্ধার করে স্থানীয় পুলিশ। এ সময় ট্রাকের ভেতর ট্রাকচালক আব্দুর রহমানের লাশ পাওয়া যায়। সোমবার বিকালে মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এ বিষয় নিয়ে প্রেস ব্রিফিং করেন। এ সময় তিনি জানান, ঢাকা থেকে তেলবোঝাই ট্রাক নিয়ে ফেরার পথে মাগুরার কোনো এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণে নিয়ে চালককে হত্যা করা হয়।
