প্রেমিক-প্রেমিকাকে বেধড়ক পিটুনি
চকরিয়ায় এসআই প্রত্যাহার
Advertisement
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চকরিয়ায় যুবকের বাড়ি থেকে প্রেমিকাকে উদ্ধার করতে গিয়ে দুজনকেই বেধড়ক পিটিয়েছে পুলিশ। প্রচণ্ড পিটুনিতে অজ্ঞান হয়ে পড়া প্রেমিকের মৃত্যুর গুজবে এলাকাবাসী পুলিশ বহনকারী একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর ও পুলিশকে ধাওয়া দেয়। এ সময় দুই পুলিশসহ ৪ জন আহত হয়। ঘটনার পর রাতেই থানার এসআই আরকানুল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ৩০ মে বিকাল ৫টার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালীতে এ ঘটনা ঘটে। এদিকে থানা পুলিশের বাড়াবাড়িতে নিরপেক্ষ তদন্তে কমিশন গঠনের দাবি উঠেছে। জানা গেছে, ঈদগাও উপজেলার এক তরুণী চকরিয়ার ফাঁসিয়াখালীর ছাইরাখালীর নুরুল আমিনের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে বাড়ি থেকে পালিয়ে আসেন। নুরুল আমিনের মা সেলিনা বেগম বলেন, ‘মেয়ের মা ও বাবা শুক্রবার আমার বাড়িতে এসেছিলেন। উভয় পরিবারের সম্মতিতে দেনমোহর নির্ধারণ করে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়। তবে এই সিদ্ধান্ত মেয়ে পক্ষের কয়েকজনের পছন্দ না হওয়ায় তারা চকরিয়া থানায় একটি অভিযোগ করেন।’ এ বিষয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ জানান, একজন অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে উদ্ধার করতে গেলে স্থানীয় লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে পুলিশ বহনকারী গাড়ি ভাঙচুর হয়েছে এবং দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি জানান, এ ঘটনার পর চকরিয়া থানার এসআই আরকানুল ইসলামকে কক্সবাজার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
