পরকীয়ায় বাধা
জিয়ানগরে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা
Advertisement
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জিয়ানগরের চন্ডিপুরে পরকীয়ার জেরে বৃদ্ধা শাশুড়িকে গলা টিপে হত্যার অভিযোগে পুত্রবধূ, তার প্রেমিক ও এক আত্মীয়সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহত নমিতা রানী পালের (৬০) স্বামী রাধেশ্যাম চন্দ্র পাল মামলাটি করেন। মামলায় পুত্রবধূ বন্যা রানী পাল, প্রেমিক কামাল পঞ্চায়েত, তাপস দেবনাথ এবং আরও দুজন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে বন্যা রানী পাল ও তাপস দেবনাথকে গ্রেফতার করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, বন্যা রানী পাল দীর্ঘদিন ধরে একই এলাকার কামাল পঞ্চায়েতের সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন। বিষয়টি জানতে পেরে শাশুড়ি নমিতা রানী পাল প্রতিবাদ করেন। স্বজনদের দাবি, সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। নিহতের স্বজনরা জানান, লাশে নখের আঁচড়ের চিহ্ন, গলায় আঘাতের দাগ এবং হাতের শাঁখা ভাঙা অবস্থায় দেখা যায়। এছাড়া ঘরের দেওয়ালে রক্তের দাগও পাওয়া গেছে। এসব আলামতের ভিত্তিতে তাদের ধারণা, নমিতা রানী পালকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
ওসি মোহব্বত খান বলেন, মামলা হয়েছে। আটক দুজনকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
